

এড.রঞ্জন দেব (ঢাকা): দেশে বিভিন্ন মামলায় অন্যের হয়ে কারাগারে সাজা খাটার মতো ঘটনাগুলো গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার কুলসুমির পরিবর্তে নিরপরাধ মিনুর জেল খাটার বিষয়ে শুনানির সময় সোমবার (৭ জুন) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ মন্তব্য করেন।এর আগে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে আসামি কুলসুম আক্তার কুলসুমি নামের এক নারীর পরিবর্তে কারাগারে সাজা ভোগকারী মিনুকে মুক্তি এবং প্রকৃত আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট ওই মামলায় সংশ্লিষ্ট তিন আইনজীবীকে তলব করেন।তারা হলেন- চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম এ নাসের, অ্যাডভোকেট নুরুল আনোয়ার ও অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী। একই সঙ্গে চট্টগ্রাম আদালতের ক্লার্ক সৌরভকেও আগামী ২৮ জুন উপস্থিত হতে বলেছেন হাইকোর্ট।আদালতে আজ মিনুর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।মামলার আদেশের পর হাইকোর্ট বলেন, ‘আমরা এ ধরনের ঘটনার রুট (মূল) খুঁজে বের করতে চাই। আমরা মনে করি এসব ঘটনা মিডিয়াতে আসা উচিত, মানুষ যেন এমন কাজ আর করতে না পারে।’এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ আদালতকে বলেন, ‘এই ঘটনার সংবাদ সর্বোচ্চ প্রচার হবে। আমাদের কোর্টেও মিডিয়াকর্মীরা আছেন। এটি একটি ঐতিহাসিক ঘটনার মতো ফলোআপ পাবে।’হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের হয়ে জেল খাটা মিনুর বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী শিশির মনির। তার আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইনজীবীকে এফিডেভিট দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। এরপর আদালতের এখতিয়ার পরিবর্তন হওয়ার বিষয়টি বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য আসে।হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামির বদলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুই বছর নয় মাস ধরে জেল খাটছেন মিনু। এ ঘটনা জানাজানি হলে মামলার নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ। গত ২৪ মার্চ চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুমের পরিবর্তে মিনুর সাজা খাটার ঘটনায় মামলার নথি হাইকোর্টে আসে।কারা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে মিনুকে আদালতে হাজির করা হলে নতুন করে তার জবানবন্দি রেকর্ড করা হয়। সেই সঙ্গে মামলার নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন বিচারক শরীফুল আলম ভূঁঞা। পরে নথি একদিনের মধ্যেই হাইকোর্টে আসে।কারাগারে বালাম বই খুঁজতে গিয়ে বিষয়টি উঠে আসে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি আদালতের নজরে আনেন চট্টগ্রামের আইনজীবী গোলাম মাওলা মুরাদ।প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, আদালতে হাজির হয়ে তিন সন্তানের জননী মিনু তার জবানবন্দিতে জানান, সময়টি ছিল ২০১৮ সালের রমজান মাস। ইফতারি দেয়ার কথা বলে কুলসুম ও মর্জিনা নামের দুজন মিনুকে আদালতে নিয়ে যান। মিনুকে বলা হয়েছিল ‘কুলসুম’ নাম ডাকা হলে তিনি (মিনু) যেন হাত তোলেন। সে অনুযায়ী হাত তোলার পর কর্তৃপক্ষ তাকে ‘কুলসুম’ হিসেবে চিহ্নিত করে কারাগারে পাঠায়। মিনুকে এভাবে কৌশলে অপরাধী সাজানো কুলসুম একটি হত্যা মামলার আসামি। তার পুরো নাম কুলসুম আক্তার কুলসুমি।২০০৬ সালের জুলাইয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রহমতগঞ্জ এলাকায় আমগাছে ঝুলন্ত অবস্থায় পারভীন নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে, পারভীনকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা হিসেবে প্রচারের জন্য গাছে ঝুলিয়ে রাখেন কুলসুম। ২০০৭ সালের ২৬ অক্টোবর কুলসুমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এক বছর তিন মাস পর তিনি জামিনে মুক্তি পান।২০১৭ সালে মামলার রায় ঘোষণা করেন তখনকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম। তাতে কুলসুমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। সে সময় কুলসুম পলাতক ছিলেন। পরে আইনজীবী নাছির উদ্দীনের মাধ্যমে ২০১৮ সালের জুনে কুলসুম আত্মসমর্পণ করতে চান। আত্মসমর্পণের দিনই মিনুকে কুলসুম হিসেবে সাজিয়ে আদালতে হাজির করা হয়। তখন থেকেই কারাগারে মিনু।