মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :

ইউনিয়ন ব্যাংকের ভল্টে ১৯ কোটি টাকার হিসেব গড়মিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত বেসরকারি ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্টের ১৯ কোটি টাকার হিসাব মিলছে না।

জানা গেছে, কাগজে-কলমে শাখার ভল্টে ৩১ কোটি টাকা দেখানো হলেও প্রকৃত পক্ষে ছিল ১২ কোটি টাকা। বাকি ১৯ কোটি টাকার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারেনি কর্তৃপক্ষ।

গত সোমবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে এ তথ্য উঠে এসেছে। তবে বিষয়টি সংবাদমাধ্যমে এসেছে বৃহস্পতিবার।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন ব্যাংকটির সব শাখার ভল্ট পরিদর্শন করবে বাংলাদেশ ব্যাংক।

নিয়ম অনুযায়ী, সোমবার বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা পরিদর্শনে যায়। শুরুতেই পরিদর্শক দল ভল্ট পরিদর্শন করে। কাগজে-কলমে শাখার ভল্টে ৩১ কোটি টাকা দেখানো হলেও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা গুনে পেয়েছেন ১২ কোটি টাকা। বাকি টাকার বিষয়ে ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দলকে কোনো জবাব দিতে পারেননি।

তবে এ ঘটনায় শাখার কারও বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের বা ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ইউনিয়ন ব্যাংকের ভল্টের টাকায় গরমিল হতে পারে। কোনো ব্যাংকের বিরুদ্ধে ভল্টের টাকায় গরমিলের মতো প্রমাণ যদি বাংলাদেশ ব্যাংক পায়, তবে অবশ্যই যথাযথ নিয়ম মেনে ব্যবস্থা নেয়া হবে।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক, যেটি মূলত ইসলামি ব্যাংকিং ব্যবসায় জড়িত। এই ব্যাংকটি ২০১৩ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।

ব্যাংকটির ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর ব্যাংকটিতে আমানতের পরিমাণ ছিল ১৭ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমানতই ৪ হাজার ১২৭ কোটি টাকা। ওই বছর শেষে ব্যাংকটির বিনিয়োগ (ঋণ) ছিল ১৬ হাজার ৬৩৩ কোটি টাকা। গত বছর ব্যাংকটি ৯৮ কোটি টাকা নিট মুনাফা করেছে। গত বছর ব্যাংকটির শাখা ছিল ৯৫টি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102