

বিনোদন ডেস্ক: ঐতিহাসিক পদ্মা সেতু নিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘পদ্মা সেতু’ বাংলাদেশে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে। সেন্সর সার্টিফিকেট পেলেই আগামী আগস্ট মাসে সিনেমাটি মুক্তি পাবে।
সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক জানান, সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাবে।
আজাদ পরিচালিত ‘পদ্মা সেতু’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া মাইশা ও সাঞ্জু জন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- হিমেল রাজ, খুকু, রায়হান মুজিব, আনোয়ার সিরাজী, শান্তা পাল, শাহিন, সাইফুল ইসলাম প্রমুখ।
গত জুনের শুরুতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ নামে এই সিনেমাটির শুটিং হয়। সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘পদ্মা সেতু। ’
ঐতিহাসিক পদ্মা সেতুকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে এগিয়েছে এ ছবির গল্প। সিনেমাটির প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, আমরা গত ৬ জুলাই ছবিটি সেন্সরের জন্য জমা দিয়েছি। আশা করি আনকাট ছাড়পত্র পাব এবং সবাই ছবিটি দেখে প্রশংসা করবেন।