

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন আগে ‘বিমল এলাইচি’র শুভেচ্ছাদূত হয়েছিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। শুধু তাই নয়, তাদের হয়ে অংশ নিয়েছিলেন পানমসলার বিজ্ঞাপন ক্যাম্পেইনে। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় তিনি তার ভক্তদের সমালোচনার মুখে পড়েন। শিকার হন ট্রোলিংয়ের।
আর তাই অনুরাগীদের ভাবনাকে সম্মান ও গুরুত্ব দিয়ে ‘বিমল এলাইচি’র শুভেচ্ছাদূত থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
শাহরুখ খান, অজয় দেবগনের মতো বলিউড সুপারস্টাররা আগে থেকেই এই সংস্থার শুভেচ্ছাদূত। সংস্থার সাম্প্রতিক বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শাহরুখ খান ও অজয় দেবগন ‘বিমল ইউনিভার্সে’ অক্ষয় কুমারকে স্বাগত জানাচ্ছেন।
এরপরই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অক্ষয়ভক্তদের। ক্ষতিকারক পণ্যের হয়ে প্রচার করছেন তাদের প্রিয় অভিনেতা, এই ভেবে অক্ষয়ভক্তরা অভিনেতার ওপর রুষ্ট হয়েছিলেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকার পুরোনো ভিডিও ভাইরাল করে, যেখানে মাদকদ্রব্য, তামাকজাত দ্রব্যের প্রচার থেকে অভিনেতা নিজেকে দূরে সরিয়ে রাখার কথা বলেছেন।
বুধবার মধ্যরাতে টুইটে ক্ষমা প্রার্থনা করে অভিনেতা লিখেন, ‘আমি দুঃখিত। আমি আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাচ্ছি। গত কয়েক দিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না। বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণে আপনাদের ভাবাবেগকে আহত করেছে জেনে আমি দুঃখিত। নম্রতার সঙ্গে আমি পিছিয়ে এলাম।
আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজ্ঞাপন থেকে প্রাপ্ত টাকা আমি ভালো কাজে দান করব। বিজ্ঞাপন সংস্থা ওই বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে যত দিন পর্যন্ত আইনিভাবে আমি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছি। কিন্তু আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমি সতর্ক থাকব নিজের সিদ্ধান্তগুলো নিয়ে। পরিবর্তে, আমি শুধু আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছা চাই।’