

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চে চলমান টেস্টে ৪৭ বছরের পুরনো স্মৃতি আবার মনে করিয়ে দিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভন কনওয়ে।
গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে লর্ডসে ডাবল সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ার শুরু করেন ডেভন কনওয়ে।
অভিষেকের পর থেকে ক্রাইস্টচার্চ টেস্টসহ ৯ ইনিংসে কনওয়ের সংগ্রহ ৭৫.৩৮ গড়ে ৬০৩ রান।
অভিষেকের পর প্রথম পাঁচ টেস্টের হিসাব ধরলে কনওয়ের ওপরে আছেন সুনীল গাভাস্কার, জর্জ হেডলি, কনার্ড হান্ট ও ডন ব্র্যাডম্যান।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত আছেন কনওয়ে। তবে কোনো নিউজিল্যান্ড ব্যাটারের ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করার ঘটনা এ নিয়ে তৃতীয়বার ঘটল।
এর আগে ১৯৭৪ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন কিছুর সাক্ষী হয়েছিলেন গ্লেন টার্নার। দ্বিতীয় দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। তৃতীয় দিনে অবশ্য সেঞ্চুরি পূর্ণ করে ১০১ রানে গ্রেগ চ্যাপেলের বলে আউট হয়ে যান।
তারও আগে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ ঘটনায় জড়িত টার্নার। ১৯৬৯ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনে আউট হওয়ার আগে করেন ১১০ রান।
ক্রাইস্টচার্চে সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে আরও একটা ইতিহাস গড়েছেন কনওয়ে। অভিষেকের পর ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ টেস্টই প্রথম ইনিংসে কমপক্ষে ৫০ ছাড়িয়ে যাওয়ার কীর্তি গড়েছেন কনওয়ে।