

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে না নেমে আলোচনার জন্ম দিয়েছেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক।
অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে নির্দেশনা মোতাবেক হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ না করায় তার ওপর চটেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বোর্ডের নির্দেশনা অমান্য করায় টানাপোড়নে পড়ে উইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামেননি এ উইকেটকিপার ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বিভিন্ন গণমাধ্যমসহ ইংল্যান্ডের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘স্কাই স্পোর্টস’ – এসব তথ্য প্রকাশ হলে সমালোচনার মধ্যে পড়েন ডি কক।
অনেকেই তাকে বর্ণবাদী তকমা দিয়ে দিচ্ছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও এ উইকেটকিপার ব্যাটারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে শোনা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে ডি কককে পূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
তিনি মনে করেন, যে কোনো ব্যক্তি বা খেলোয়াগের নিজস্ব মতামত জানানোর অধিকার রয়েছে। বোর্ডের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত অনেক খেলোয়াড়ের মনপুত নাও হতে পারে।
এক টুইটে ভন লিখেছেন, ‘মেয়ে বা ছেলে যে কেউ হোন না কেন, কোনো আন্দোলনে তিনি জড়াতে চান কি না, তা অবশ্যই সেই নির্দিষ্ট ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করবে। কোনো ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের এটি করার জন্য অনুরোধ করতে পারে, কিন্তু সেটি বাধ্যতামূলকভাবে চাপিয়ে দিতে পারে না। তবে এজন্য কারও খেলা বন্ধ করা উচিত নয়।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার দলের ক্রিকেটাররা হাঁটু গেড়ে বসে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করলে ডি কক দাঁড়িয়ে ছিলেন সেদিন।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট লেখক লুনজানি জামা বলেছেন, বোর্ডের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত পছন্দ হয়নি ডি ককের। তিনি সে নির্দেশনার সঙ্গে একমত নন। যে কারণে পরের ম্যাচে খেলেননি। কিন্তু ডি কক বর্ণবাদবিরোধী নন মোটেও।