

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্ররাজনীতি গুণপরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করতে চায় ছাত্রদল। বিগত সাড়ে ১৫ বছর শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে কী করেছে ছাত্রলীগ তা অবশ্যই শিক্ষার্থীসহ দেশবাসী জানেন।
ছাত্রদল কলেজ ক্যাম্পাসে ঢুকলেই বিনা দোষে অন্যায়ভাবে ছাত্রলীগ হামলা করতো। প্রধান ফটক দিয়ে বের হলেই পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করতো। ছাত্রদলের অন্যায় ছিল তারা গণতন্ত্র পুনরুদ্ধারে কথা বলতো। ভারত বাংলাদেশকে গ্রাস করে নিবে কেন এর বিরুদ্ধে কথা বলবে, প্রতিবাদ জানাবে। আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলবে।

এগুলো এই ন্যায্য কথাগুলোর পক্ষে কথা বলাই ছিল ছাত্রদলের অপরাধ। সাড়ে ১৫ বছর থেকে ছাত্ররাজনীতি বলতেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে দেখেছে ক্ষমতার অপব্যবহার। এমনটি আর হবে না।
এ ধরনের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। যদি গুণগত পরিবর্তন নিয়ে আমরা ছাত্রদল তোমাদের সামনে আসি তাহলে তোমরা নিজেদের আপন ভাইয়ের মতো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রাখবে। তোমরা মনে করবে এরা সমাজ ও দেশের জন্য কাজ করছে।

ছাত্ররাজনীতি ব্যতীত সচেতনতা সৃষ্টি হয় না। আমাদেরকে দেশ ও জাতির কল্যাণে সচেতন ও সোচ্চার হতে হবে। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ পরিদর্শনে ক্যাম্পাসে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ও কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদের আমন্ত্রণে কলেজ পরিদর্শনকালে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, ইহাম মুজাহিদ, শামীম আহমেদ সানি, আক্তার শাহরিয়ার, ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, নেসার তালুকদার সামি প্রমুখ।
নিউজ /এমএসএম