

বিনোদন ডেস্ক: সংগীত প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা দিয়ে পেশাদারী গানের জগতে আসেন ঝিলিক। এরপর থেকে নিয়মিত গান গেয়ে যাচ্ছেন। স্টেজ ও টিভি অনুষ্ঠানে সারা বছর ব্যস্ততা থাকে এই সংগীতশিল্পীর। এবার নতুন প্রজন্মের এই শিল্পীর কণ্ঠে শোনা যাবে সাবিনা ইয়াসমিনের গান।আগামী ঈদে তিনি চ্যানেল আইয়ের বিশেষ একটি সংগীতানুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের গাওয়া জনপ্রিয় সাতটি গান গাইবেন। আগামী সপ্তাহে গানগুলোর রেকর্ডিং শুরু হবে। এ প্রসঙ্গে ঝিলিক বলেন, সাবিনা ইয়াসমিন আমার অসম্ভব পছন্দের ও শ্রদ্ধার একজন মানুষ। তার গানে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছি। আগামী ঈদের চ্যানেল আইয়ের বিশেষ এই অনুষ্ঠানটিতে সাবিনাম্যামের গানে কণ্ঠ দেব। এটি আমার জন্য সম্মানের একটি বিষয়। আশা করছি গানগুলো দর্শক শ্রোতাদের ভালো লাগবে।এদিকে বাংলাদেশ টেলিভিশন ও এটিএন বাংলার ঈদের দুটি অনুষ্ঠানেও গান গাইবেন এই সংগীতশিল্পী। এছাড়া নিয়মিত মৌলিক গানেও কণ্ঠ দিচ্ছেন ঝিলিক। সম্প্রতি ‘শুধু ইচ্ছে হয়’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। কয়েকদিন আগে গানটির ভিডিও ধারনের কাজও সম্পন্ন হয়েছে। ঈদে গানটি প্রকাশ পাবে সাউন্ডটেকের ব্যানারে।