

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় রোববার করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গত ১৯ এপ্রিল এক দিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৮৮ হাজার ৪০৬। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ১৭২ জনের। সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ২৪ জনের। আর রাজশাহী ও চট্টগ্রামে মারা গেছেন ২২ জন করে। বাকিরা অন্য বিভাগের।গত ২৪ ঘণ্টায় মোট ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫৯।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সেখানে কয়েক দিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত ২০ শতাংশের বেশি হচ্ছে।