

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের আদি ফরম্যাট টেস্ট। এই ফরম্যাটকেই ক্রিকেটের মানদন্ড হিসেবে বিবেচনা করা হয়। ২০০০ সাল থেকে টেস্ট খেলছে বাংলাদেশ। ২২ বছরেও সাদা পোশাকের ক্রিকেটটা সেভাবে রপ্ত করতে পারেননি টাইগাররা।
তাইতো সরল স্বীকারোক্তিই দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
বিসিবি পরিচালক বলেছেন, ইতিহাস বলছে আমরা টেস্টে খুব একটা ভালো দল না। এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটেও। তবে টেস্টে ইদানীং আমরা খুব একটা খারাপ করছি না। ভালোই করছি এখন।
তিনি আরও বলেন, আমরা টেস্ট দলকে আলাদাভাবে ট্রেনিং করানোর চেষ্টা করছি। যথাযথ কোচিং স্টাফ রেখে ভিন্নভাবে ট্রেনিং করানোর পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করব টেস্ট র্যাংকিংয়ে কীভাবে উন্নতি করা যায়। দক্ষিণ আফ্রিকায় এই সিরিজ দিয়ে বুঝতে পারব কে কেমন খেলছে।
দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের খরচে জোহানেসবার্গে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনের অ্যাকাডেমিতে মুমিনুলদের ১১ দিনের অনুশীলন ক্যাম্প করে বিসিবি। এবারের টেস্ট সিরিজে ভালো করলে বিদেশে প্রতিটি টেস্ট সিরিজের আগে এমন বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, এসব ট্রেনিংয়ের প্রভাব কীভাবে পড়েছে তা এই দুই টেস্টে বোঝা যাবে। যদি দেখি ভালো প্রভাব পড়েছে, চেষ্টা করব সবসময় বিশেষ করে টেস্ট দলকে এভাবে ট্রেনিং করানোর।