

ইউকেবিডি ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিন ফরম্যাটে সমান তালে রান করে যান তিনি। তাই স্বাভাবিকভাবেই তার সঙ্গে চলে আসে ভারতের অধিনায়ক বিরাট কোহলির তুলনা। যিনি গত এক দশকের বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করে খেলছেন।তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বাঁহাতি ব্যাটসম্যান সালমান বাটের মতে, বাবর ও কোহলির মধ্যে কোনো তুলনাই হয় না। কেননা একজন আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরে খেলছেন। আর অন্যজন তুলনামূলকভাবে নতুন ক্রিকেটার।নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, ‘বাবর আজম ও বিরাট কোহলির মধ্যে কোনো তুলনাই হয় নাই। ভারতের অধিনায়ক অনেক অভিজ্ঞ। অন্যদিকে বাবর আজম তুলনামূলক নতুন। পাকিস্তানের অধিনায়ক দারুণ পারফরম্যান্স করছে। তবে তাকে আরও অনেকদূর যেতে হবে।’এসময় বাট জানান, মূলত সতীর্থদের কাছ থেকে যথাযথ সমর্থন পান না বলে বাবর আজমের করা রানগুলো প্রায়ই কাজে লাগে না। ভারতের অধিনায়ক কোহলি রান না করলেও, অন্যরা ভালো খেলে দলকে জিতিয়ে দেয়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তা হয় না বলে মনে করেন বাট।তার ভাষ্য, ‘বাবর আজমের আশপাশে সাপোর্ট নেই তেমন। যা পেলে তার পারফরম্যান্সগুলো ম্যাচ জেতানো হয়ে উঠত। কোহলি যদিও পুরো ফ্রেমওয়ার্ক করে। কিন্তু তার আশপাশে সব দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। তাই কোহলি রান না করলেও ভারত জিততে পারে। তাদের দলে আরও খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে।’সালমান বাটের মতে, রান করেও সমালোচনার শিকার হতে হয় বাবরকে। সাবেক অধিনায়কের ভাষ্য, ‘এখন বাবর তরুণ। কোহলির মতো অভিজ্ঞতা বা লাইমলাইট তার নেই। সে তার দলের একমাত্র পারফরমারও বলা যায়। রিজওয়ানের কাছ থেকে সাপোর্ট পায়। কিন্তু বাকিরা কদাচিৎ পারফর্ম করে।’তিনি আরও যোগ করেন, ‘বাবর আজম রান করে। তবু তাকে সমালোচনার শিকার হতে হয়। এটা একপ্রকার দ্বিচারিতা। বিষয়টা অনেকটা মেশিনের মতো যে তাকে কাজ করতেই হবে। একা কেউ কোনো পরিবর্তন আনতে পারবে না। কারণ এটা একটা দলীয় খেলা।