

স্পোর্টস ডেস্ক: গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ শেষে দুই দলই ছিল বিদায়ের ঝুঁকিতে। শঙ্কার মেঘ উড়িয়ে শেষ ম্যাচে স্বরূপে ফেরে স্পেন ও ক্রোয়েশিয়া। করোনার ধকল সামলে অধিনায়ক সের্হিও বুসকেতসের প্রত্যাবর্তনে উজ্জীবিত স্পেন ৫-০ গোলে উড়িয়ে দেয় স্লোভাকিয়াকে। ওদিকে অধিনায়ক লুকা মদরিচের জাদুকরী পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইউরোর নকআউটে পা রাখে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। গ্রুপে দ্বিতীয় হওয়ায় দুদলের পথ মিলে গেছে একই বাঁকে। কোপেনহেগেনে আজ শেষ ষোলোর ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি স্পেন-ক্রোয়েশিয়া। করোনার কালো ছায়া সরে যাওয়ায় স্পেন শিবিরে স্বস্তির হাওয়া। ক্রোয়েশিয়া শিবিরে হানা দিয়েছে করোনা। কোয়ার্টার ফাইনালে ওঠার অগ্নিগর্ভ লড়াইয়ের আগে করোনার ছোবলে দলের সেরা খেলোয়াড়দের একজন ইভান পেরেসিচকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে ক্রোটরা। করোনা পজিটিভ হওয়ায় স্পেনের বিপক্ষে খেলা হচ্ছে না ইন্টার মিলান উইঙ্গার পেরেসিচের। গ্রুপপর্বে তিন ম্যাচে দুই গোল করার পাশাপাশি দুটিতে অবদান রাখা পেরেসিচের অনুপস্থিতিতে স্পেন-পরীক্ষায় উতরাতে মদরিচই ভরসা ক্রোয়েশিয়ার। দল হিসাবে স্পেন শক্তিশালী হলেও মদরিচের মতো কোনো জাদুকর নেই তাদের। দলের মূল স্ট্রাইকার আলভারো মোরাতা সুপার ফ্লপ। ২০১২ ইউরো জয়ের পর প্রথম কোনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে শিষ্যদের কাছে স্পেন কোচ লুইস এনরিকের চাওয়া নিখুঁত পারফরম্যান্স। একই প্রত্যাশা ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের। বুখারেস্টে শেষ ষোলোর আরেক ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ আজ সুইজারল্যান্ড। মৃত্যুকূপ থেকে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠলেও এখনো ফ্রান্সের বিধ্বংসী রূপের দেখা মেলেনি। টুর্নামেন্টে গোলের খাতাই খুলতে পারেননি দলের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। তবে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে করিম বেনজেমার জোড়া গোল কিছুটা স্বস্তি দিচ্ছে দেশমকে। পগবা ও গ্রিজমানও ছন্দে আছেন। সুইসদের বিপক্ষে আজ জ্বলে ওঠার পালা এমবাপ্পের। জেরদান শাকিরির জোড়া গোলে শেষ ম্যাচ জিতে কোনোমতে শেষ ষোলোতে ওঠা সুইজারল্যান্ডের হারানোর কিছু নেই।