বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক:চোখ রাঙাচ্ছিল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ইয়াসের প্রভাবে দিনভর তুমুল বৃষ্টি হলে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ত বাংলাদেশের। তিন দফায় বৃষ্টি বাগড়া দিলেও শেষ পর্যন্ত বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত জয় তাতে আটকায়নি। মঙ্গলবার মিরপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১০৩ রানে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন তামিমরা। এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। একই সঙ্গে ৫০ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠল বাংলাদেশ। এতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। প্রথম ওয়ানডের মতো কালও বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে তার ওয়ান ম্যান শো লড়াইয়ের পুঁজি এনে দেয় দলকে। মেঘ-বৃষ্টির লুকোচুরির ফাঁকে মিরপুরের মন্থর উইকেটে মুশফিকের (১২৫) দুরন্ত সেঞ্চুরির সুবাদেই ২৪৬ রান তুলতে পেরেছিল স্বাগতিকরা। রান তাড়ায় শ্রীলংকার কেউ মুশফিক হতে পারেননি। মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে ১২২ রানে নয় উইকেট হারিয়ে হারার অনেক আগেই ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলংকা। দুজনই নেন তিনটি করে উইকেট। এছাড়া সাকিব আল হাসান দুটি ও অভিষিক্ত শরিফুল ইসলাম নেন এক উইকেট। ব্যাটিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন মাথায় আঘাত পাওয়ায় তার কনকাশন বদলি হিসাবে বোলিংয়ের সুযোগ পান একাদশে না থাকা তাসকিন আহমেদ।বাংলাদেশের ২৪৬ রানের জবাবে ৩৮ ওভারে শ্রীলংকার সংগ্রহ যখন নয় উইকেটে ১২৬, তৃতীয় দফায় ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। বৃষ্টি থামার পর শ্রীলংকার নতুন লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫ রান। শেষ পর্যন্ত শ্রীলংকা থামে নয় উইকেটে ১৪১ রানে। লংকানদের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ধবলধোলাই এড়ানোর লড়াইয়ে নামবে সফরকারীরা।প্রথম ম্যাচে বাংলাদেশের ইনিংসের সঙ্গে খুব একটা অমিল নেই এই ম্যাচের ইনিংসের। দুদিন আগে ২৫৭/৬ করা বাংলাদেশ এবার ২৪৬ রানে অলআউট। এবারও মুশফিকুর রহিম ত্রাতার ভূমিকায়। তার যোগ্য জুটি সেই মাহমুদউল্লাহ। দ্বিতীয় ওভারেই তামিম ইকবাল (১৩) ও সাকিব আল হাসানকে (০) হারিয়ে বাংলাদেশ যখন ব্যাকফুটে, লিটন দাসও (২৫) ক্ষণিকের অতিথি, ছোটখাটো মুশফিকের ব্যাট ক্রমশ চওড়া হতে থাকে। তার উইলো থেকে বেরিয়ে আসে ঝলমলে সেঞ্চুরি। আর বাংলাদেশ পৌঁছে যায় আড়াইশর কাছাকাছি।স্বাগতিকরা যখন ১৬১ এবং প্রায় ১৭ ওভার বাকি, মাহমুদউল্লাহ (৪১) তখন আউট। মুশফিক এরপর ইনিংসের বাতিঘর হয়ে তার ব্যাটকে বৈঠা বানিয়ে রানের নৌকা পার করান মাঝ দরিয়ায়। বৃষ্টির লুকোচুরির মাঝে বাইশ গজে থিতু হওয়ার মনোবাসনায় সফলকাম মুশফিক পরিশ্রমের পুরস্কার পেয়েছেন নিজের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি প্রাপ্তির মধ্য দিয়ে। শুধু পরিশ্রম বললে সবটুকু বলা হয় না। অভিজ্ঞতারও একটা দাম আছে। ১২৭ বলে ১২৫ রানের ইনিংস খেলার ফাঁকে ফাঁকে মুশফিকের ব্যাটে তারই বিচ্ছুরণ ঘটেছে। তাতে নৈপুণ্যের সিলমোহর বসিয়ে দিয়েছে ১০টি চার। প্রথম ওডিআইতে দুই ‘ম’ মুশফিক ও মাহমুদউল্লাহ পঞ্চম উইকেটে তুলেছিলেন ১০৯ রান। কাল দুজনের জুটিতে যোগ হয় ৮৭ রান। সেদিনের মতো এদিনও বাংলাদেশের সর্বোচ্চ জুটি। শ্রীলংকা কখনোই স্বাগতিকদের কোনো জুটিকে ডানা মেলতে দেয়নি। শুধু বশীকরণ করতে পারেনি মুশফিককে। দু-দুবার বৃষ্টির বাধায় ইনিংসে বিঘ্ন ঘটার সময় নব্বইয়ের ঘরে থাকা মুশফিক শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হন ১১ বল বাকি থাকতে। ৪৯তম ওভারের প্রথম বলে আউট হওয়া মুশফিক ১২৫ রান করতে ১২৭ বল খেলেন। একমাত্র মাহমুদউল্লাহ ছাড়া অপর প্রান্তের আর কারোর কাছ থেকে তেমন সহায়তা পাননি বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দুশমান্থা চামিরা ও লাকশান সান্দাকান তিনটি করে এবং ইসুরু উদানা দুটি উইকেট নেন শ্রীলংকার হয়ে।

(স্কোর কার্ড খেলার)

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102