

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পর চারদিকে সমালোচনার ঝড়। এরপর ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে চরমভাবে পর্যদুস্ত হওয়ার পর দেশের ক্রিকেটে রীতিমত একটা অস্বস্তিকর পরিস্থিতির উদ্রেক ঘটেছে।
জাতীয় দল, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং বোর্ড কর্মকর্তা- সবার ভূমিকাই হচ্ছে প্রশ্নবিদ্ধ। সব মিলিয়ে একটা অস্থিরতা বিরাজ করছে দেশের ক্রিকেটে। এ সংকট কাটবে কী করে? দেশের ক্রিকেট উন্নয়নে এখন কী করা উচিৎ?
বর্তমান পরিস্থিতিতে কী ভাবছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা? তার কী কোন পরামর্শ আছে এ নিয়ে? ভক্ত ও সমর্থকরা উন্মুখ হয়েছিলেন প্রিয় তারকার কথা শুনতে। মতামত জানতে।
আজ আইজিপি কাবাডির ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমন কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। প্রশ্ন ছিল, দেশের ক্রিকেটের সংকট কাটাতে আপনার কোন পরামর্শ আছে কী?
মাশরাফি উত্তর দিতে গিয়ে প্রথমেই বলেছেন, ‘পরামর্শ দেয়ার আমি কেউ না। অবশ্যই উনারা (বোর্ড কর্তারা) বুঝবেন যা করলে ভালো হবে।

তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মানছেন, ‘বাংলাদেশ দল যে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করেনি, সেখানে আরও ভালো ইনপুট দেয়া যেত। আরও ভালো করা যেত।’
২০২২ সালে বাংলাদেশের অনেক খেলা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি আর বিপিএল মিলে প্রায় সারা বছরের এক তৃতীয়াংশ সময় মাঠে কাটবে টাইগারদের। জাতীয় দল এত খেলা, এত চাপ সামলে কী করলে ভাল খেলবে?
এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে মাশরাফি সিনিয়র প্লেয়ারদের ফিট থাকা এবং দলের সঙ্গে থাকার ওপর দারুণ জোর দিয়েছেন। তার সোজা সাপ্টা কথা, ‘নতুন বছরে অবশ্যই অনেক বড় বড় টুর্নামেন্ট আসছে। সে সাথে মেজর দ্বি-পাক্ষিক সিরিজগুলাও আসছে। আমি অবশই আশা করি, বাংলাদেশ দলের যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের ফিট থাকা খুব দরকার এবং গুরুত্বপূর্ণ হচ্ছে সিনিয়রদের টিমের সাথে থাকা এবং সে সাথে যারা মাঝামাঝি পর্যায়ে, ৬ থেকে ৮ বছর ধরে খেলেছে তাদের কাছ থেকেও ইনপুট খুব প্রয়োজন। তার সাথে তরুণ যারা আসছে তাদেরও অবদান রাখতে হবে।’
এর সাথে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া এবং জাতীয় দলে নতুনদের সুযোগ দেয়া নিয়েও কথা বলেছেন মাশরাফি। তার উপলব্ধি, কাউকে হঠাৎ জাতীয় দলে নিয়ে এক দুই ম্যাচ পর ছুঁড়ে ফেলে না দিয়ে দীর্ঘ সময়ের জন্য নেয়া উচিৎ। এছাড়া কাউকে সুযোগ দেয়ার আগে বুঝে এবং তার মেধা ভালমত যাচাই করে দলে নেয়া উচিৎ বলেও মনে করেন মাশরাফি।
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, যাকে নেয়া হবে তাকে লং টাইম সুযোগ দেয়া। নতুন একটা প্লেয়ার নেয়ার পর সে দুই বা তিন টেস্টে রান না করলে তাকে ছেঁটে ফেলে দেয়া ঠিক না। যেমন জয় এখন রান করল, নেক্সট পাঁচ ম্যাচে রান নাও করতে পারে। বাট যখন আপনি কোনও প্লেয়ার নেবেন তখন শিওর করতে হবে যে, সে আমার ভবিষ্যৎ। তাকে লম্বা সময় দেখব। নেওয়ার আগে চিন্তা করা বেশি জরুরি।’