শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

শাহারুল ইসলাম ফারদিন
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮ এই পর্যন্ত দেখেছেন

নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা যশোরে এসে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার(২০ ফেব্রুয়ারি) সকালে দুই দিনের সফরে তিনি যশোরে পৌঁছালে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ-উচ্ছ্বাসে তাকে বরণ করে নেন। দীর্ঘদিন পর নিজ শহরে ফেরা একজন সন্তানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত ছিল উৎসবমুখর পরিবেশ।

সকাল  সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছান তিনি। যশোর বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। সেখান থেকে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি যশোর সার্কিট হাউসে যান, যেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় দুই ঘণ্টা ধরে চলে শুভেচ্ছা পর্ব। যশোর স্থানীয় সরকার বিভাগ, সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জেলার ক্রীড়া সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোর, মোটরপার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি, নগর ও সদর উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরসহ সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। দেশের স্বার্থ রক্ষা এবং অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি নির্বাচনের আগে যশোরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি কারবালা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তারিকুল ইসলামের কবর জিয়ারত করেন। বিকেলে হোটেল ওরিয়নে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে আলোচনা ও ইফতারে অংশ গ্রহণ করেন।

দুই দিনের সফরে প্রতিমন্ত্রী অমিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং স্থানীয় উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102