

বিনোদন ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনি এবং তৃতীয় দফা রিমান্ড শেষে মডেল মরিয়ম আক্তার মৌকে আদালতের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তারা একই প্রিজনভ্যানে করে আদালত থেকে কারাগারে পৌঁছান।কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র সুপার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল জানান, চিত্রনায়িকা পরীমনি ও মডেল মরিয়ম আক্তার মৌকে এ কারাগারের রজনীগন্ধা নামের ভবনে কোয়ারিন্টিনে রাখা হয়েছে। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের এখানে ১৪ দিন থাকতে হবে।তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে মহিলাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পরীমনিকে এ কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একটি প্রিজনভ্যানে করে এ কারাগারে পৌঁছেছেন পরীমনি। ১৪ দিনের মধ্যে তাদের মধ্যে করোনা লক্ষণ দেখা না দিলে পরে তাদের সাধারণ বন্দিদের ভবনে পাঠানো হবে।৪ আগস্ট রাতে পরীমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা রয়েছে।শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত পরীমনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইদিন ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুক্রবার মোহাম্মদপুর থানার মাদক আইনের মামলায় মৌ’র জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ মৌকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরীমনি ও মৌ ছাড়াও মাদক মামলায় গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, চিকিৎসক সাবরিনা চৌধুরী ও নরসিংদীর সাবেক যুব মহিলা নেত্রী শামীমা নূর পাপিয়াও এ কারাগারে বন্দি রয়েছেন।