রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সৃজনশীল চার তরুণ লেখকের হাতে তুলে দেওয়া হয়েছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’।

শুক্রবার এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি একযোগে কালি ও কলম এবং আইএফআইসি ব্যাংকের ফেইসবুক পেজে প্রচার করা হয়।

এ বছর মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য শাখায় ‘১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং’ গ্রন্থের জন্য সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, কথাসাহিত্যে ‘তিমিরযাত্রা’ গ্রন্থের জন্য মোজাফফর হোসেন, গবেষণায় ‘চলচ্চিত্রনামা’ গ্রন্থের জন্য মাসুদ পারভেজ ও শিশু-কিশোর সাহিত্যে ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ গ্রন্থের জন্য রণজিৎ সরকার এ পুরস্কার অর্জন করেন।

এবার কবিতা বিভাগে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জমা না পড়ায় শুধু চার শাখায় পুরস্কার দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং প্রয়াত কালি ও কলম সম্পাদক আবুল হাসনাতকে স্মরণ করে দুটি ভিডিওচিত্র প্রদর্শন এবং কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয় মূল আয়োজন। এরপর বিচারকমণ্ডলীর পক্ষ থেকে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘দেখা গেছে পূর্বের সকল কালি ও কলম পুরস্কারপ্রাপ্ত লেখকরা তাদের পরবর্তী কাজগুলো দিয়ে আরও সফল এবং পরিণত হয়েছেন। আশা করি আপনারাও সেই ধারা অব্যাহত রাখবেন।’

অনুষ্ঠানের আরেক অতিথি পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার বলেন, ‘আমাদের জীবনের মুহূর্তগুলোকে মূল্যবান করে তোলার জন্য সকল সাহিত্যিক কাজ করে যাচ্ছেন, তাই তাদের ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই কালি ও কলমের মতন সেইসব প্রতিষ্ঠানকে যারা এসব সাহিত্যচর্চাকে প্রতিনিয়ত নানাভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। তিনি বলেন, ‘আইএফআইসি ব্যাংক যাত্রার শুরু থেকেই বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগের সাথে নিজেদের সম্পৃক্ততা রেখেছে। আমরা বিশ্বাস করি সাংস্কৃতিক পরিশীলন ছাড়া একটি সমাজের সর্বাত্মক উন্নয়ন সম্ভব নয়। এই পথচলার ধারাবাহিকতায় আমরা গর্বিত কালি ও কলমের সাথে জড়িত হতে পেরে। আশা করি বাংলাদেশের সাহিত্যের উন্নয়ন ও বিকাশে আমাদের এই যৌথ প্রয়াস কিছুটা হলেও অবদান রাখতে সক্ষম হবে।’

সবশেষে প্রখ্যাত সংগীতশিল্পী অদিতি মহসিনের সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজন শেষ হয়। আয়োজনটি সঞ্চালনা করেন ত্রপা মজুমদার ও লুভা নাহিদ চৌধুরী।

২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ দেওয়া হচ্ছে। নির্বাচিত লেখকদের প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102