

বিনোদন ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশের শোবিজে ঘটে যাওয়া সবচেয়ে বড় একটি ঘটনা বাংলাদেশী সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’-এর কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া। এতে প্রধান চরিত্রে অভিনয়ের কারনে অভিনেত্রী আজমেরী হক বাঁধন আলোচনার তুঙ্গে আছেন। সম্প্রতি উৎসবে অংশগ্রহনের জন্য বাঁধন, পরিচালকসহ সাত জনের একটি দল ফ্রান্সে গিয়েছেন। তবে করোনাভাইরাসের প্রকোপের কারনে সেখানে পৌছার পর বাঁধনদের সাতদিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের সন্নিকটে একটি অ্যাপার্টমেন্টে তারা এখন অবস্থান করছেন। যেহেতু তাদের ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা আছে তাই তারা ঘরেই অবস্থান করছেন। কোয়ারেন্টাইনের প্রথম দিন থেকেই নিজেদের খাবার নিজেরাই রান্না করছেন। ২৭ জুন সকাল থেকেই তারা রান্না করে খাচ্ছেন। তবে এই টিমে একমাত্র নারী সদস্য হিসেবে বাঁধনের ওপর স্বভাবতই রান্নার গুরু দায়িত্ব চলে এসেছে। প্রথমদিন সকালের নাস্তা অন্যরা তৈরী করলেও দুপুরের খাবার তৈরীতে মনযোগী ছিলেন বাঁধন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুধুমাত্র মাংস রান্না করেছি। এতে সেখানকার আলু ব্যবহার করেছিলাম। কিন্তু এই আলুর স্বাদ মিষ্টি। আমি মাংস ঝাল করে রান্না করতে চেয়েছিলাম। কিন্তু রান্নার এক পর্যায়ে তরকারী থেকে আলু তুলে নিয়েছি। পরে মাংস আলাদা করে রান্না করে খেয়েছি। আগামী নয় দিন আমাদের এভাবেই রান্না করেই খেতে হবে। আমার সঙ্গে যে ছয়জন আছেন তাদের প্রত্যেকেরই রান্নার অভিজ্ঞতা আছে। আমরা কোয়ারেন্টিনে থাকলেও বেশ আনন্দঘন পরিবেশেই সময় কাটাচ্ছি।’ প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসব শেষে আগামী ১৮ জুলাই বাঁধনসহ ছবি সংশ্লিষ্ট অন্যরা দেশে ফিরবেন।