শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ৩ উপজেলায় বন্যার পানি বৃদ্ধি, ভোগান্তি চরমে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাতের কারণে কুশিয়ারা, ফানাই, আন ফানাই, কন্টিনালা ও জুড়ী নদী দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে। এতে পানিবন্দি সাধারণ মানুষজনের ভোগান্তি চরমে পৌঁছেছে।

সরকারি হিসেবে মৌলভীবাজার জেলার ২ লাখ ৬৫ হাজার মানুষ এখনও পানিবন্দি। ৮২৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ১২৯টি। এসব আশ্রয়কেন্দ্রে ২০ হাজার ৭৭৭ জন মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। একই সঙ্গে ২ হাজার ৭৩১টি গবাদিপশুও রয়েছে এসব কেন্দ্রে।

বন্যাদুর্গতদের জন্য সরকারিভাবে ৫৮৫ মেট্রিকটন চাল, ১ হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রাপ্ত ৩০ হাজার ৪১২ প্যাকেট দুধ এবং নগদ ৪০ লাখ ৫৫ হাজার টাকা দেয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি মৌলভীবাজারের এ উপজেলা গুলোতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

দুর্গত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট চরমে পর্যায়ে পৌঁছেছে। কুলাউড়ার ইউএনও’র বাসা, অফিসসহ শহরের অনেক এলাকা পানিতে তলিয়ে রয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে বুধবার (২৯ জুন) বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও ৬৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এদিকে পানিবাহিত রোগে অনেকেই আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া গেছে। 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ জানান, তার বাসা অফিসসহ শহরের বেশ কিছু জায়গা এবং কয়েকটি ইউনিয়নের লোকজন পানিবন্দি অবস্থায় রয়েছেন। সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী যথাসময়ে দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, মনু ও ধোলাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমেছে।

ফলে এ নদীর পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার পানি কমলে হাওর অঞ্চলের পানিও কমে যাবে। যদি সামনের দিনগুলোতেও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কুশিয়ারর পানি আরো বাড়বে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। 

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় সুপেয় পানির অভাব রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরন টেবলেট সরবরাহ করা হচ্ছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102