

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইসলাম পাড়ায় অবৈধভাবে উত্তোলিত ও পরবর্তীতে প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার(২৪ জুন) নিলাম কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেনস্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই উন্মুক্ত নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলাম পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুর স্তূপ জব্দ করেছিল প্রশাসন। আজ সেই জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে তোলা হলে স্থানীয় ১৬ জন দরদাতা ও ব্যবসায়ী উৎসাহের সাথে এতে অংশ নেন। উপস্থিত সকলের সামনে উন্মুক্ত প্রতিযোগিতামূলক ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩,১৩,৭৫০/- (তিন লক্ষ তের হাজার সাতশত পঞ্চাশ) টাকায় এই বালু নিলামে বিক্রি করা হয়।
নিলাম প্রক্রিয়া শেষে প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, নিলামে কেনা এই বালু শুধুমাত্র দিনের আলোতে পরিবহন করতে হবে। রাতের বেলা কোনোভাবেই এই বালু পরিবহন বা স্থানান্তর করা যাবে না।