

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আক্রমণ করার জন্য রাস্তা খুঁজছে রাশিয়া। এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা জানান বাইডেন। ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধান এখনো সম্ভব বলেও এসময় জানিয়েছেন তিনি।
বাইডেন বলেন, সাজানো হামলা চালিয়ে রাশিয়া ইউক্রেনে অভিযানের জন্য অজুহাত খুঁজছে। যুক্তরাষ্ট্রের কাছে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস আর প্রমাণও রয়েছে।
প্রেসিডেন্ট ছাড়াও একই দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। তিনি বলেন, রাশিয়ার অভ্যন্তরে সাজানো সন্ত্রাসী হামলা, সাজানো ড্রোন হামলা, গণকবরের আবিষ্কার, এমনকি রাসায়নিক অস্ত্রের মাধ্যমেও হামলা চালিয়ে ইউক্রেন আক্রমণের অজুহাত তৈরি করতে পারে রুশ কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, ইউক্রেনে বসবাসকারী রাশিয়ানদের রক্ষার কথা বলে নাটক সাজিয়ে বৈঠক ডাকবে ক্রেমলিন। এরপরই তারা ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা শুরু করবে ইউক্রেনে। এছাড়া সাইবার হামলাও চালাতে পারে রাশিয়া বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে শুরু থেকেই ইউক্রেনে হামলার শঙ্কা একেবারে ভিত্তিহীন বলে আসছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরিয়ে নেয়া হচ্ছে বলে ঘোষণা দেয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। সেনা সরিয়ে নেয়ার চিত্রও প্রকাশ করেছে তারা। তবে এ সব কিছুকেই মিথ্যা ও সাজানো বলে অভিহিত করেছে পশ্চিমা দেশগুলো।
রাশিয়ার দাবি ইউক্রেন যেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ না দিতে পারে সেটির জন্যই শুধুমাত্র সতর্কবার্তা দিচ্ছে তারা। ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে সেটিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে রাশিয়া।
এদিকে, ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ন্যাটোর সদস্য পদ তার দেশের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। এই ইস্যুতে সমঝোতার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি।