

স্পোর্টস ডেস্ক: ইউসুফ জুলকারনাইন হক যিনি যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেটি বংশোদ্ভূত। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য তাকে জাতীয় দলে ডেকেছিলেন কোচ জেমি ডে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জেমি ডে’কে অব্যাহতি দেওয়ায় জাতীয় দলের কোচ হয়েছেন অস্কার ব্রুজন। তিনি সাফের জন্য যে দল দিয়েছেন, সেখানে জায়গা হয়নি ইউসুফের।
তবে জাতীয় দলে না হলেও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেয়েছেন ইউসুফ জুলকারনাইন হক।
জাতীয় দলের ১১ ফুটবলারকে রেখে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রাথমিক দল দিয়েছে বাফুফে। আগামী ২৭ অক্টোবর কুয়েতে শুরু হবে বাছাইয়ের গ্রুপ পর্ব। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েত। মারুফুল হকের কোচিংয়ে আগামীকাল রোববার থেকে প্রস্তুতি শুরু করবে দল।
ইউসুফ জুলকারনাইন সিলেটের গোলাপবাগের ছেলে। তবে তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জে। ১৮ বছর বয়সী এই ফুটবলার ইংল্যান্ডের ইপ্সউইচ টাউন এফসির অনূর্ধ্ব-১৮ ও ২৩ দলের খেলোয়াড়।
এলাকার সম্পর্কে ইউসুফ সিলেটের ফুটবল কোচ খালেদ আহমদের ভাতিজা হন। ইউসুফদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তবে সিলেট শহরের গোলাপবাগে তাদের বাসা। পরিবারের সাথে যুক্তরাজ্যেই বসবাস করে ইউসুফ। সেখানে ছোটবেলা থেকেই ফুটবলের সাথে জড়িয়ে আছে সে।’
ইউসুফ সম্পর্কে কোচ মারুফুল হক বলেন, ‘তার সম্পর্কে আমার জানাশোনা নেই। তবে বিষয়টা এমন হবে না যে, সে এলো এবং আমি তাকে দলে নিয়ে নিলাম। খেলিয়ে দিলাম। প্রাথমিক দলে আছে সে। তার ট্রায়াল হবে, সেখানে যদি সে ভালো করে, তাহলেই সুযোগ পাবে।