

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার এক ঘনিষ্টজন এবং হামলাকারী উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কয়েকজন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বৃহস্পতিবার তারা এ মামলা করেন। খবর দ্য গার্ডিয়ান অনলাইনের।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থাকাকালে গত ৬ জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা হয়। ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দেয়ার পরপরই তারা এ হামলা চালান।
অভিযোগ রয়েছে, ট্রাম্পের উসকানিতেই এ হামলা হয়েছে। নজিরবিহীন ওই হামলায় পাঁচজন নিহত হন। এ ঘটনায় ১৩৮ পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন বহু মানুষ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পরবর্তী সাত মাসের মধ্যে ওই হামলার ঘটনায় দায়িত্ব পালন করা চার পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছিলেন।
ক্যাপিটল হিলে হামলার এ ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ তাদের মধ্যে রজার স্টোন নামে ট্রাম্পের এক ঘনিষ্টজনও রয়েছেন। ট্রাম্প ও রজার স্টোনের বিরুদ্ধে অভিযোগ, তারা ইচ্ছাকৃতভাবে সহিংসতা ঘটিয়েছেন।
ক্ষমতায় থাকাকালে দুইবার অভিসংশিত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে তার হার নিশ্চিত হয়। তবে ট্রাম্পে বলেছেন, ওই নির্বাচনে কারচুপি হয়েছে, না হলে তিনি জিততেন।