বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

বিদেশি সাপোর্ট স্টাফ ছাড়াই আজ দেশে ফিরছে টাইগাররা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৬৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে টেস্ট শুরুর আগে বেশ ফুরফুরে মেজাজে ছিল টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামার আগে বছরের শুরুতে নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় পেয়েছিল। কিউইদের বিপক্ষে দলে তামিম, মুশফিক ছিলেন না। তরুণদের নিয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রোটিয়াদের বিপক্ষে এবার প্রথম টেস্টে তামিম শেষ মুহূর্তে পেটের পীড়ায় ছিটকে পড়ে খেলেননি। তারপরও যে দল নিয়ে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলেছে, বিশ্বজুড়ে টেস্ট খেলার অভিজ্ঞতায় দলটি দক্ষিণ আফ্রিকা থেকে তুলনামূলকভাবে এগিয়ে ছিল। দলের কোচিং স্টাফে প্রোটিয়া রাসেল ডমিঙ্গো ও অ্যালান ডোনাল্ড থাকায় বড় কিছু অর্জনের প্রত্যাশা ডানা মেলেছিল। বাংলাদেশের টেস্ট দল সিরিজ শুরুর আগে বেশ কিছু দিন গ্যারি কারস্টেন একাডেমিতে অনুশীলন করেছিল। এত কিছুর পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল বাহিনী। ডারবানে ২২০ রানে হারার পর পোর্ট এলিজাবেথে হেরেছে ৩৩২ রানে। দক্ষিণ আফ্রিকা থেকে টাইগাররা তিন ধাপে দেশে ফিরবে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে ৩ ধাপে ঢাকায় নামবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে টিকেট না পাওয়ায় ভিন্ন ভিন্ন ফ্লাইটে আসবেন মুমিনুল হক, হাবিবুল বাশাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে নামবে প্রথম বহর। দ্বিতীয় ও তৃতীয় বহর বৃহস্পতিবার এসে পৌঁছাবে। দ্বিতীয় দল ঢাকায় নামবে সকাল ৮.৫৫ মিনিটে, শেষ দল নামবে বিকাল পৌনে ৫টায়।

তবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষে দলের অধিকাংশ বিদেশি সাপোর্ট স্টাফের সদস্যরা এখনি বাংলাদেশ আসছেন না। হেড কোচ রাসেল ডমিঙ্গো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় থেকে যাবেন। নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন। দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তিনিও ঢাকায় ফিরবেন আগামী মাসে। অন্যদিকে বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি খালেদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। খালেদের বিরুদ্ধে আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে খালেদকে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আইসিসি।
আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন খালেদ। লেভেল ১ ভাঙায় খালেদের ডিসিপ্লিনারি রেকর্ডের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে, ২৪ মাসে এটাই তার প্রথম।

ঘটনা দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে। খালেদের বল ডিফেন্স করে রান না নেয়ার চেষ্টা করে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়েছিলেন কাইল ভেরেন। তবুও বল ছুড়ে মারেন খালেদ। ডানহাতের গ্লাভসে লাগে। ভেরেনের একটু উত্তেজনা ছড়ায় তখন।

খালেদ দুঃখ প্রকাশ করলেও কাইল ভেরেন যেন মানতে নারাজ। ইয়াসির আলী এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর আম্পায়ারকে দেখা যায় মুমিনুল হকের সঙ্গে কথা বলতে।
অল্পকিছুক্ষণ না যেতেই ভেরেনকে বোল্ড করে সাজঘরে পাঠান খালেদ। ড্রাইভ করতে চেয়েছিলেন ভেরেন, কিন্তু বল ব্যাট-প্যাড সব মিস করে ভেঙে দেয় উইকেট। গর্জে ওঠেন খালেদ। ৪৮ বলে ২২ রান আসে ভেরেনের ব্যাট থেকে। অনফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস ও অ্যালাহুডিয়েন পালেকার, তৃতীয় আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার বোনগানি জেলে অভিযোগ আনেন। অ্যান্ডি পাইক্রফটের আরোপিত শাস্তি মেনে নিয়েছেন খালেদ। খালেদ এই ঘটনায় দায় স্বীকার করে নেয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। তবে আগ্রাসী ব্যবহারের জন্য তাকে জরিমানার কবলে পড়তে হয়েছে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি খালেদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

এবারই প্রথম বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার দুটি মূল ক্রিকেট ভেন্যু ডারবান ও পোর্ট এলিজাবেথে খেলার সুযোগ পেল। ওয়ানডে সিরিজ শেষে যেই না টেস্ট সিরিজ শুরু, টাইগারদের মাইন্ডসেট পাল্টে যায়। সাকিব আল হাসান পারিবারিক কারণে টেস্ট সিরিজে অনুপস্থিত। প্রথম টেস্ট শুরুর আগে মুহূর্তে তামিম পেটের পীড়ায় ছিটকে পড়লেন। টেস্ট ম্যাচ জিততে একাদশে অন্তত ৫ জন মেইন স্ট্রিম বোলার অপরিহার্য। ডারবান উইকেটে স্পিন ধরার ইতিহাস থাকলেও দলের অন্যতম সেরা স্পিনার তাইজুলকে দলের ভারসাম্যের ঠুনকো অজুহাতে একাদশে রাখা হয়নি। টস জিতেও অপেক্ষাকৃত খর্ব শক্তির প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিং করার সাহস দেখাতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। এই দুটি ভুল সিদ্ধান্তই বাংলাদেশকে চরম বিপদে ফেলেছে।
বাংলাদেশ ছন্নছাড়া বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলল সাড়ে তিনশ’র ওপর। অনেকেই বলেছেন তাইজুলসহ পাঁচ বোলার থাকলে ওদের প্রথম ইনিংস সংগ্রহ কিছুতেই ৩০০ পার হতো না। যেভাবে প্রোটিয়া দল ব্যাটিং করেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে ব্যাটিং করলে বাংলাদেশ অবশ্যই ৩৫০ রান করতে পারতো। কিন্তু প্রথম ইনিংসে একমাত্র নবীন মাহমুদুল হাসান জয় ও লিটন ছাড়া কেউ দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির বোলিংয়ের মোকাবিলায়। ফলাফল প্রথম পিছিয়ে থেকে ওদের বড় টার্গেট গড়ার সুযোগ করে দেয়া। এবার টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ব্যর্থতায় হেরেছে মুমিনুল বাহিনী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102