

ব্রজেন্দ্র কুমার দাস: ‘চোর’ আর ‘চুরি’ শব্দ দু’টির মর্মার্থ বুঝেনা এমন মানুষ খুঁজে পাওয়া বড়োই কঠিন। শিক্ষিত, মূর্খ, ধনী, নির্ধন সবারই জানা। এরপরও বিশ্বের জ্ঞানীগুণীজন অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সংজ্ঞা দিয়েছেন। এরই কয়েকটির কথা উল্লেখ করলাম। এ প্রসঙ্গে জর্জ বার্নার্ডশ বলেছেন ‘যে চুরি করেছে সে চোর না, যে ধরা পড়ে সেই চোর।’ এডপার হোয়ে বলেন, ‘চোর বিশ্বাস করে অন্য সবাই চুরি করে।’ আর ফ্রান্সিস বেকন বলেন ‘সুযোগ মানুষকে চোর বানায়।
পৃথিবীর সব দেশেই এই ‘চুরি’ আর ‘চোর’ নিয়ে আলাপ আলোচনা অহরহ চলছে। অতীতে ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। পৃথিবীর কোন ভাষার অভিধান থেকেই এর বিলুপ্তি সম্ভব নয়। ছিল, আছে, থাকবে।
আমাদের দেশের কথাই যদি বলি, চোরের সংখ্যা কতো তার সঠিক তথ্য কেউ কখনো দিতে পারবেন না। ফিচকে চোর ছাড়া বড় বড় চোরদেরকে কেউ ধরা পড়লেও চোর বলে ডাকতে পারবে না। সমাজে ২০-৫০ টাকা যারা চুরি করেন তাদেরকে ‘চোর’ উপাধি দিতে সবাই খুবই সাহসী ভূমিকা পালন করেন কিন্তু যারা শত শত, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি, হাজার কোটি টাকা বিভিন্ন কায়দায় চুরি করেন তাদেরকে চোর উপাধি দিবেন এমন বুকের পাটা ক’জনের আছে সেটাই প্রশ্ন। আর যারা চুরি করে ধরা পড়েন না তাদেরকে চোর বলা তো দূরের কথা বিপদে পড়ার সমূহ আশঙ্কা থাকে। কারণ ওরা খুবই সংঘবদ্ধ। আর এডপার হোয়ের সেই যে উক্তি ‘চোর বিশ্বাস করে অন্য সবাই চুরি করে’ সেটা আরো বিপজ্জনক। কারণ তখন যারা চুরি করেন না তারা আরো বেশি বিপদে পড়েন। তারা যে চুরি করেন না সেটা প্রমাণ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তখন চোরের পক্ষে সাফাই গাওয়া অন্য চোরেরা সমাজে বলে বেড়ায় চুরির কোন প্রমাণ নেই। যদিও সে নিজেও মনে মনে জানে ওরা চোর। তবে সব কথার শেষ কথা হলো ধরা পড়ুক বা না পড়ুক চোর কিন্তু চোরই। এটা অনেকটা ‘ঠাকুর ঘরে কলা’ খাওয়ার মতোই। এ প্রসঙ্গে ফ্রান্সিক বেকন সাহেবের উক্তিটি খুবই বাস্তবধর্মী এবং সহজবোধ্য। ‘সুযোগ মানুষকে চোর বানায়’ সমাজের চারদিকে তাকালেই তা সবার দৃষ্টিগোচর হয়। এ প্রসঙ্গে আমেরিকার এক সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সাহেবের উক্তিটি খুবই প্রাসঙ্গিক বলেই মনে করছি এবং তা হলো ‘আপনি যদি কারো চরিত্র পরীক্ষা করতে চান, তাকে ক্ষমতা দিন।’ এখানে চরিত্র বলতে সমাজে স্থ’ূল অর্থে মানুষের ব্যক্তিগত অবৈধ যৌনাচারকেই বেশির ভাগ ক্ষেত্রে বুঝানো হয়ে থাকে। তবে চরিত্র শব্দটি বৃহৎ আঙ্গিকে যদি বলা হয় তখন সেখানে অর্থনৈতিক চরিত্র, রাজনৈতিক চরিত্র, ক্ষমতা প্রদর্শনের চরিত্র ইত্যাদি নানান বিষয়ে আলোচিত হয়। ঐ যে বলছিলাম চোর, চুরি ইত্যাদির কথা! ক্ষমতা পেলে মানুষ শুধু চুরি নয়, পুকুর চুরি, সমুদ্র চুরি করেও ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিবর্গ ধরা পড়েন না। কেউ কিছু বলতেও পারে না সমাজে দেশে তারা ‘সাধু বটে অতিশয়’ বলেই খ্যাত। সুযোগ পেয়ে তারা হিতাহিত জ্ঞান হারায়। কখনও নিজে নিজেই চোর বনে যান তা তারা নিজেরাও জানতে পারেন না, বুঝতে পারেন না। সমাজে এটাই বাস্তবতা। আজকের সমাজই এর প্রকৃষ্ট উদাহরণ।
পত্রপত্রিকায় যারা লেখালেখি করেন তাদের লেখার পেছনে কোন না কোন একটা ঘটনা অবশ্যই থাকে। আমার আজকের লেখাটিও এর বাইরে নয়। আর সেটি হচ্ছে ২৩ ডিসেম্বর ২০২১ তারিখের দৈনিক ‘সিলেটের ডাক’ এর প্রথম পাতায় প্রথম পৃষ্ঠায় প্রকাশিত একটি বাক্সবন্দী খবরের শিরোনাম ‘ওসমানী বিমানবন্দরে ৭ বছরে আড়াই মন স্বর্ণ উদ্ধার’। প্রতিবেদক আমার একান্ত আপনজন কাউসার চৌধুরী। আজকের বাজারে ১ ভরি স্বর্ণের কথা চিন্তা করলেই যেখানে সাধারণ ক্রেতা সাধারণের ত্রাহি ত্রাহিভাব সেখানে আড়াই মন! কল্পনা করা যায়? তারপরও এটাই সত্য। এটাই বাস্তবতা। এখানে এই ঘটনাকে সাংঘাতিক এক চুরির ঘটনা বলতে পারি। কিন্তু যারা চুরি করলো তাদেরকে তো আমরা চোর বলতে পারছি না। কারণ যে বা যারা আসলে চুরি করেছে তারা ধরা পড়ে নাই। ধরা পড়েছে বিমান যাত্রী বেশে গুটিকয় ফিসকে চোরাকারবারী ফিসকে চোর নরেন্দ্র নাথ, জামিল আহমদ এবং জাহিদ হোসেন। সত্যি কথা বলতে কি, ওরা তো আসল চোর নয়। ধরা পড়েছে বলেই চোর। তবে আটককৃত বাংলাদেশ বিমানের মেকানিক্যাল অ্যাসিস্টান্ট কারিমুল ইসলামকে আসল চোরদের কেউকেটা হতে পারার সম্ভাবনা রয়েছে বলেই প্রতীয়মান হয়। দেখা যাক তদন্তে কি বের হয়।
তবে তদন্তে যা-ই হোক না কেন, ঐ সব ধরা না পড়া চোরদের অপকর্ম কিন্তু আমাদের উদীয়মান অর্থনৈতিক অবস্থার জন্য নানা প্রকার হুমকির কারণ হয়ে দাঁড়াবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন ‘চাটার দল সব চেটেপুটে খায়’ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডে চাটার দল যদি কোন সুযোগ পায় তাহলে কিন্তু উন্নয়নের চাকাকে পেছনে টেনে ধরতে পারে। তাই শুধু স্বর্ণ চোরাকারবারীই নয়, অর্থনীতিসহ দেশের উন্নয়ন কর্মকান্ডে সংশ্লিষ্ট সব সেক্টরের ধরা না পড়া চোরদের সম্পর্কে সদা সতর্ক দৃষ্টি রেখেই আজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনা কান্ডারীর ভূমিকা পালন করতে পারবেন বলেই এখনো জাতি বিশ্বাস করে।
লেখক : মুক্তিযোদ্ধা, কলামিস্ট।শেয়ার করুন