

অর্থনৈতিক প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির দরপতন হলেও বেড়েছে ব্যাংকিং খাতের শেয়ারগুলোর দাম। সোমবার লেনদেনকৃত ৩৭৩ টি কোম্পানির মধ্যে ২২৭টি কোম্পানির দরপতন হলেও ব্যাংকিং খাতের অধিকাংশ কোম্পানির দাম বেড়েছে। এই খাতের ৩২ টি কোম্পানির মধ্যে ২৮ টির দরই আজকে বেড়েছে বিপরীতে কমেছে ২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২ টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইতে মোট লেনদেনের ২২.৩৫ শতাংশই ছিলো ব্যাংকিং খাতের দখলে। এই খাতের সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্র্যাক ব্যাংকের। ব্র্যাক ব্যাংকের শেয়ার দর গতকালের ক্লোজিং প্রাইস ৫১.৪ টাকা থেকে ৯.৯২ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে।
বাজার সংশ্লিষ্টদের মতে সব খাতের শেয়ার দর কমবেশি বাড়লেও ব্যাংকিং খাতের শেয়ারগুলোর দর তেমন একটা বাড়েনি। তাই তারা বিনিয়োগের জন্য এই খাতটিকে নিরাপদ মনে করছেন।
এ ব্যপারে পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন, সম্প্রতি সূচক ৭ হাজার পয়েন্টে উন্নীত হলেও, সূচকের উত্থানে ব্যাংকিং খাতের কোন ভূমিকা ছিলোনা। এই খাতের শেয়ারগুলোর বিনিয়োগ উপযোগী মূল্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।