

যুক্তরাজ্য অফিসঃ বৃটেনের জনপ্রিয় অনলাইন চ্যানেল ইউকে বিডি টিভিতে গত ৬ ই নভেম্বর বিকাল ৩ ঘটিকায় প্রয়াত কিংবদন্তি শিল্পী প্লে ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর এর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। ইউকে বিডি টিভির ভাইস-চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম ও ইউকে বিডি টিভির কালচারাল প্রোগ্রাম ডিরেক্টর জনপ্রিয় উপস্থাপিকা হেলেন ইসলাম এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্ড্রু কিশোর এর অত্যন্ত ঘনিষ্ট, ভালোবাসার তিনজন গুণী ব্যক্তিত্ব গীতিকার, সুরকার,শিল্পী ইথুন বাবু , জনপ্রিয় কন্ঠ শিল্পী রিজিয়া পারভীন ও জনপ্রিয় সুরকার,কন্ঠ শিল্পী তাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই কিংবদন্তি শিল্পী প্লে ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইউ কে বিডি টিভির জন্মদিনের ভিডিও প্রদর্শন করা হয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ ভালোবাসা নিবেদন সহ উনার জীবনের স্মৃতিচারণ করেন ও তার গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন।
এখানে উল্লেখ্য যে ,এন্ড্রু কিশোর এর বাবা-মায়ের দেওয়া নাম ছিলো কিশোর কুমার বাড়ৈ’ উনার শৈশব-কৈশোর ও যৌবন কেটে রাজশাহীতেই। তারপর একদিন স্বমহিমায় উজ্জ্বল হয়ে দেশ ও দেশের সীমানা পেরিয়ে পরিচিতি পান এন্ড্রু কিশোর। গান দিয়ে কয়েকটি প্রজন্মের শৈশব আর কৈশরকে রাঙিয়ে দিয়েছিলেন এন্ড্রু কিশোর। তিনি ছিলেন বাংলা গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র।
বাংলা চলচ্চিত্রে ১৫ হাজারেরও বেশি গান গাওয়া শিল্পী উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘পদ্মপাতার পানি’,সবাই তো ভালোবাসা চায়’’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘পড়ে না চোখের পলক’,‘ওগো বিদেশিনী’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আমি চিরকাল প্রেমের কাঙাল’ প্রভৃতি। এন্ড্রু কিশোর ছিলেন গণমানুষের শিল্পী। তাঁর সংগীতের জনপ্রিয়তা এমন ছিল যে চলচ্চিত্রের সংগীতে পুরুষ কণ্ঠ মানেই ছিল এন্ড্রু কিশোর। সংগীতপাগল অনেক মানুষ কেবল এন্ডু কিশোরের গান শোনার জন্যই চলচ্চিত্র দেখতে হলে যেতেন। মৃত্যুকালে এন্ড্রু কিশোরের বয়স হয়েছিল ৬৪ বছর।