মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সীমিত সংখ্যা ছাড়া এখন আর কোটার প্রয়োজন নেই: ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল বলেছে, অতি সীমিত সংখ্যা কোটা ছাড়া এখন আর বাংলাদেশে কোনো কোটার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংগঠনের এই অবস্থানের কথা জানান।

তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্র দল ২০১৮ সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিলো সেই আন্দোলনে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখন যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনেও আমরা সমর্থন দিচ্ছি। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের বিষয়ে একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে মহাসচিব এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।

‘ছাত্র দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের অফিশিয়াল বক্তব্য। চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে এই আন্দোলনের সাথে ছাত্র দল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং একই সাথে আমরা বিশ্বাস করি, এই আন্দোলন ছাত্র লীগ ও যুব লীগের সন্ত্রাসীদের রুখে দিয়ে এই আন্দোলন সফল হবে।

কোটা বাতিল নয়, কোটা সংস্কারের দাবি তুলে ধরে নাছির বলেন, ২০১৮ সালে যখন কোটা মুভমেন্ট হয়েছিলো তখন ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং তাদেরকে সমর্থন দিয়েছিলাম। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ২০১৮ সালে যে আন্দোলন হয়েছিলো সেই আন্দোলনটি ছিলো কোটা সংস্কার আন্দোলন। এর নামই ছিলো কোটা সংস্কার আন্দোলন। কিন্তু প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে কোটা বাতিল করে দিয়েছে একটা প্রশাসনিক সিদ্ধান্তের বলে। তখন যারা আন্দোলন করেছে তারা কিন্তু কেউ কোটা বাতিল চায়নি। সবাই চেয়েছে কোটা সংস্কার।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কোটাবিরোধী আন্দোলনে যারা রয়েছেন তাদেরকে আমরা সাদুবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি বলতে চাই, গুম-খুনের সংস্কৃতি গড়ে তোলা এই ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আপনারাদেরকে সোচ্চার হতে হবে। ঢাকা কলেজের যেসকল নেতৃবন্দ কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলছি, আপনাদের কলেজের সহপাঠি আতিকুর রহমান রাসেলকে ‍গুম করা হয়েছে, তার সন্ধানে আপনারাও দাবি জানাবেন সেটা আমরা প্রত্যাশা করি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শাখার সহসভাপতি আতিকুর রহমান রাসেলের গুম হওয়ার বিষয়টি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়। গত ১ জুলাই আজিমপুর এলাকা থেকে রাসেলকে সাদা পোশাকধারী সদস্যরা তুলে নিয়ে যায়, এরপর থেকে তিনি নিরুদ্দেশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102