বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

অর্থপাচার-দুনীর্তি-ঋণখেলাপি চক্রই সরকারের বড় হুমকি: ড. ফরাসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থপাচার, দুনীর্তি ও ঋণখেলাপি চক্র রোধ করা না গেলে এটিই সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বড় বড় ঋণ খেলাপিদের ঋণের সুদ মাফ করা হচ্ছে। ঋণ খেলাপিদের ঋণের সুদ মওকুফ করা খুবই আপত্তিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মো. ফরাসউদ্দিন।

শুক্রবার (৫ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ২০২৪—২৫ অর্থবছরের বাজেট নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, সরকারি ব্যাংকগুলো যে ৫০ হাজার কোটি টাকা সুদ মওকুফ করেছে তা খেলাপি ঋণ হিসেবে গণ্য করা উচিৎ। বাজেটে বিদেশ থেকে যে ৯৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার কথা বলা হয়েছে এটা মারাত্মক ক্ষতিকর অস্ত্র হতে পারে।

তিনি বলেন, সরকার দেশি—বিদেশি উৎস থেকে ঋণ নির্ভরতা কমিয়ে সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ায় জোর দেয়া উচিৎ। ব্যাংক থেকে অধিক পরিমাণে ঋণ নিলে বিনিয়োগকারীরা ঋণ পাবে না, বিনিয়োগ আরও স্থবির হয়ে যাবে। অন্যদিকে সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নিলে মূল্যস্ফীতির চাপ কমবে ও সামাজিক নিরাপত্তা খাত শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট আসে বাজেট যায়। বাজেটের পর সাধারণ মানুষ দুশ্চিন্তায় থাকে বাসা ভাড়া, যাতায়াত ব্যয়, দ্রব্যমূল্য, সন্তানের লেখাপড়া খরচ, চিকিৎসা ব্যয় বাড়বে কি না তা নিয়ে। বিদ্যুৎ, পানি, গ্যাসের মূল্য বৃদ্ধি হলে বিপাকে পড়ে সীমিত আয়ের  মানুষেরা। তবে প্রতি বছর বাজেটের পরে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়া একটা রীতিতে পরিণত হয়েছে। দিনে দিনে আয় বৈষম্য বেড়ে চলছে। ক্রমবর্ধমান আয় বৈষম্যের কারণে সামাজিক অসন্তোষ তৈরি হতে পারে। কর প্রশাসনে সুশাসন ও দক্ষতা বাড়ানো না গেলে কর আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

জনাব কিরণ আরো বলেন, অনেক সৎ ব্যবসায়ী ন্যায্যভাবে কর দিতে চাইলেও এনবিআরের প্রক্রিয়াগত জটিলতায় অথবা কর্তৃপক্ষের অসহযোগিতায় ন্যায্য কর প্রদান করতে পারছে না।

“এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে” শীর্ষক ছায়া সংসদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকদের পরাজিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক দৌলত আক্তার মালা, সাংবাদিক উম্মান নাহার আজমী ও সাংবাদিক সুশান্ত সিনহা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102