

বাংলাদেশ ও পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি আগেই প্রকাশ হয়েছিল। তবে সেটিকে সম্ভাব্য বলে উল্লেখ করেছিল পাকিস্তানের গণমাধ্যম। এবার সেই সূচিই চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২১ ও ৩০ আগস্ট । একইসঙ্গে জানা গেছে ভেন্যুও। প্রথম টেস্ট রাওয়ালপিন্ডি এবং দ্বিতীয় টেস্ট হবে করাচিতে।
শুক্রবার (৫ জুলাই) এক বিবৃতিতে পিসিবি চারটি সিরিজের সূচি প্রকাশ করে। প্রথমে বাংলাদেশকে নিজেদের মাটিতে আতিথ্য দেবে পাকিস্তান। পরবর্তীতে ঘরের মাঠেই ফের ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি টেস্ট এবং নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবেন বাবর-আফ্রিদিরা।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ হবে। এই চক্রে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। তবে বর্তমানে অনেক পিছিয়ে পড়েছে টাইগাররা। ৪ টেস্টের মাত্র ১টিতে জিতে নবম স্থানে আছে তারা। তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড। আর ৫ ম্যাচে ২টি জিতে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান।
এখন পর্যন্ত ক্রিকেটের অভিজাত সংস্করণে মোট ১৩বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এতে পাকিস্তানকে কখনই হারাতে পারেনি টাইগাররা। ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান। আর বাকি ১টি ড্র হয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি
| ম্যাচ | তারিখ ও সময় | ভেন্যু |
| প্রথম টেস্ট | ২১-২৫ আগস্ট (সকাল সাড়ে ১১টা) | রাওয়ালপিন্ডি |
| দ্বিতীয় টেস্ট | ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর (সকাল সাড়ে ১১টা) | করাচি |
নিউজ /এমএসএম