সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় দেশব্যাপী উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিশ্বব্যাপী মুসলামনদের দুটি বৃহৎ ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আজহা।

সোমবার সকালে উত্তমরূপে অজু-গোসল করে সুগন্ধি মেখে ঈদগাহে ছুটে যায় ধর্মপ্রাণ মানুষ। সারাদেশে ঈদগাহ ময়দানে জড়ো হয়ে ঈদের নামাজ শেষে পরস্পর সৌজন্য ও সৌহার্দ্য বিনিময় শেষে সামর্থবানরা পশু কোরবানি করেন।

ঈদের নামাজের মুনাজাতে দেশ ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে দোয়া করেন ইমাম-খতিবগণ।

মুসল্লিরা কবরস্থানে মৃত স্বজনদের মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। প্রতিবেশি-আত্মস্বজন একে অপররের বাসায় বেড়াতে যান। অনেকে দলবেঁধে ঘুরতে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এভাবেই সারাদেশে ধর্মীয় ও সামাজিক রীতি-নীতি অনুসরণে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

বরাবরের মতো এবারও দেশের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি মো. ওবায়দুল হাসানসহ অন্যান্য বিচারপতিগণ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও মুসলিম বিশ্বের কূটনীতিকসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার সাধারণ মানুষ নামাজে অংশ নেন।

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। ভোর থেকেই প্রধান জামাতে নামাজ আদায় করার জন্য মুসল্লিদের ঢল নামে।

নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে শাহাদাত বরণকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই জামাতে দোয়া করেন খতিব মুফতি রুহুল আমিন। এ সময় মুসল্লিদের চোখের পানিতে আমিন আমিন ধ্বনীতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। এরপর রাষ্ট্রপতি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও কল্যাণ কামনা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

এছাড়াও বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সেখানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্য, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, বিচারক, বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, লেখক, শিক্ষক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে তার সরকারি বাসভবন বঙ্গভবনে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হয়ে সকাল নয়টায়। ঈদ জামাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন জেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হয়। শেষ জামাত হয় বেলা পৌনে ১১টায়।

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহ যথাযোগ্য গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

ঈদ উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে।

কোরবানিকৃত পশুর রক্ত বা বর্জ্য দ্বারা যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয় সে- বিষয়ে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন। ইতোমধ্যে দুই সিটি করপোরেশন কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের কথা জানিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102