

জাতীয় সংসদে উপস্থাপন করা ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন করে লুটের পরিকল্পনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ জুন) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এটা লুটেরাদের দেশে পরিণত হয়েছে। সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে কী করার জন্য? লুট করার জন্য। এটাই আমি দেখতে পাচ্ছি, আবার একটা নতুন করে লুটের পরিকল্পনা করা হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে, তাতে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যেসব অংশে আয় দেখানো হচ্ছে, তাতে করে পুরো বোঝাটা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের ওপর। আর ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে, সেটাও সাধারণ মানুষের ওপরে গিয়ে পড়বে।
মির্জা ফখরুল বলেন, তারা অনুদান অথবা ঋণ আনছে বিদেশ থেকে। সে সঙ্গে আবার ব্যাংকগুলো থেকেও ঋণ নেওয়া হবে। সবটাই গিয়ে পড়ছে সেই মানুষের ওপর। বোঝা টানতে টানতে মানুষ আর পেরে উঠছে না।’
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে।
এই অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ।
নিউজ /এমএসএম