মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে সাগর গ্রেপ্তার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ‘ডিবির পরিচয়ে নিয়ে যাওয়া মো. সাগর আলীকে (২৫) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন বলে জানা গেছে। সোমবার (২৭ মে) সন্ধ্যায় পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা মুঠোফোনে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
ওই তরুণের বিরুদ্ধে একটি বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি ও ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি তাঁর পরিবারকে জানিয়েছে পুলিশ।
সাগর আলী তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের মহসিন আলীর ছেলে। তিনি বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার শ্যামলী কাউন্টারে টিকিট বিক্রির কাজ করতেন। সাগর বিবাহিত এবং তাঁর আট মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবান্ধার শ্যামলী কাউন্টার থেকে সাগর আলীকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ওই দিন দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাবা তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সাগর আলীকে কেউ অপহরণ করেছে, নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন কোনো কারণে নিয়ে গেছেন, তার খোঁজখবর নেওয়া শুরু করে পঞ্চগড় জেলা পুলিশ।
গতকাল রোববার পুলিশ, নিখোঁজ তরুণের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবান্ধার শ্যামলী কাউন্টার থেকে সাগর আলীকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেন সাত থেকে আটজন ব্যক্তি। এ সময় তাঁরা নিজেদের প্রশাসনের লোক (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর) বলে পরিচয় দেন।
তেঁতুলিয়া থানা-পুলিশ বাংলাবান্ধায় এসে আজ সাগরের বাবাকে ডেকে জানায়, সাগরের বিষয়ে চিন্তার কিছুই নেই। তিনি পুলিশের হেফাজতে এবং ভালো আছেন।
উল্লেখ্য  গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে একটি সাদা মাইক্রোবাস নিয়ে চালকসহ আটজন প্রশাসনের লোক পরিচয়ে বাংলাবান্ধা এলাকার একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা হোটেল ছেড়ে চলে যান। এ সময় তাঁদের কাছে ওয়াকিটকি ও অস্ত্র ছিল। আবাসিক হোটেলে থাকা ওই লোকেরাই সাগরকে নিয়ে গেছেন বলে ধারণা করেছিলেন তাঁর পরিবার ও স্থানীয় লোকজন। পরে ওই আবাসিক হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত করে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ।
সোমবার (২৭ মে) সাতটার দিকে সাগরের ছোট বোন মৌসুমি আক্তার (২৩) মুঠোফোনে বলেন, এখন থেকে এক ঘণ্টা আগে তেঁতুলিয়া থানা-পুলিশ বাংলাবান্ধায় এসে তাঁর বাবাকে ডেকে জানায়, সাগরের বিষয়ে চিন্তার কিছুই নেই। তিনি পুলিশের হেফাজতে এবং ভালো আছেন। মৌসুমি আক্তার বলেন, ‘তবে আমার ভাই কোথায় আছে, কীভাবে আছে, তা আমাদের জানানো হয়নি।’
পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা মুঠোফোনে বলেন, ‘সাগর নামের ওই তরুণকে ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল গ্রেপ্তার করে নিয়ে গেছে। তিনি একটি বিগ ক্রাইমের সঙ্গে জড়িত। তাকে ইতিমধ্যে ঢাকায় আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তাঁর বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া তাঁর যাবতীয় হিউম্যান রাইটস (মানবাধিকার) তিনি পাবেন।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102