পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার নতুনবন্দর এলাকার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিগঞ্জ ইউনিয়নের লোহাগারা শুপারিতোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে সাব্বির হোসেন (১৬) ও একই এলাকার বাসেত আলীর ছেলে কাউছার আলী (১৫)।
আহতদের পরিচয় জানা যায় নি। এদিকে এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ভাতিজা কাউছারকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় সাব্বির। একসময় দেবীগঞ্জ বাজার থেকে আরও একজনকে সঙ্গে নিয়ে তিনজনে সোনাহার বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা তিন আরোহীর অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় কাউছার। দুই মোটরসাইকেলের আহত পাঁচ আরোহীকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে নেওয়া হলে মারা যায় সাব্বির। আহতরা বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান,
মরদেহ দুটির প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।