অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’। বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনী কিংবদন্তী পাবলিকেশন এর অঙ্গপ্রতিষ্ঠান ‘দূরবীন’। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
দূরবীনের প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, ‘বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি বইমেলায় দূরবীনের পরিবেশক কিংবদন্তী পাবলিকেশনের স্টল (৫৩৪-৫৩৫) থেকে পাওয়া যাবে। পাশাপাশি রকমারি, প্রথমা, বইফেরী, পিবিএসবুকসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে। বইটি নিয়ে আমি আশাবাদী।’
বইমেলায় জবি শিক্ষার্থী নুরের ‘একদিন বন্ধ হবে’
বইটির লেখক রায়হান আহমেদ তামীম বলেন, ‘আমার লেখালেখির শুরু শৈশব থেকে। গত কয়েকবছর বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে আমার বেশ কিছু কবিতা ছাপা হয়। সেইসব কবিতা থেকে কিছু কবিতা যাচাই-বাছাই করে সংযোজন-বিয়োজনের পর বইয়ের জন্য পাণ্ডুলিপি দাঁড় করিয়েছি। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।’
প্রসঙ্গত, রায়হান আহমেদ তামীম ছড়াকার, কবি ও ফিচার লেখক। ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে জাতীয় গণমাধ্যমে তার লেখালেখির যাত্রা শুরু। লেখালেখি করে পেয়েছেন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম সেরা ছড়াকার পুরষ্কার ২০২৩’ এবং ‘সেরা প্রতিবেদক সম্মাননা ২০২৪’।
কর্মজীবনে তিনি রাহনুমা প্রকাশনী এবং ইত্তিহাদ পাবলিকেশনের অনলাইন ইনচার্জ হিসেবে কাজ করেছেন। লেখালেখির পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহিত্য সম্পাদক হিসেবে যুক্ত আছেন এই তরুণ ছড়াকার।