

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট ও ব্রেকিং দ্য সাইলেন্স নামে দুটি বেসরকারি উন্নয়ন সংগঠনের যৌথ আয়োজনে চা শ্রমিক সন্তান প্রীতি উড়াং এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরীর সঞ্চালনায় ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালিঘাট ইউনিয়নের মহিলা সদস্য মিতু রায়, সাংবাদিক ইসমাইল মাহমুদ ও সৈয়দ আমিরুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ মো. রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কুমার কৈরী। এছাড়াও মিরতিংগা চা বাগানসহ বিভিন্ন চা বাগানের কিশোর-কিশোরীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি আট তলা বিল্ডিং থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। চা বাগানের কিশোরীর এই মর্মান্তিক মৃত্যুটি স্বাভাবিক নয়, এটা রহস্যজনক মৃত্যু। এ মৃত্যুর রহস্য উদঘাটন করে ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। এসময় বক্তারা অনতিবিলম্বে এই মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তোলেন।