

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুরুল হুদা লিটন (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে দেশটির জোহানেসবার্গ শহরে লিটনের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
নুরুল হুদা লিটনের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব জগতপুর গ্রামে। তিনি লাল মোহাম্মদ বাড়ির এবাদুল হকের ছেলে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবাদুল হকের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে লিটন ছিলেন সবার বড়। মেজ ভাই সৌদি আরবে এবং ছোট ভাই মিঠু দক্ষিণ আফ্রিকা তার সঙ্গে থাকতেন।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ সবুজ জানান, শুক্রবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ শেষে গাড়িতে ওঠার সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে সেখানেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা শওকত মাহমুদ জানান, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান লিটন। আগামী ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার।
দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান জানান, লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
নিউজ /এমএসএম