বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

‘আগ্রহ নাই কিন্তু যদি হয়ে যায়’, রাজনীতিতে আসা প্রসঙ্গে তামিম

ক্রীড়া প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

ভবিষ্যতে রাজনীতিতে আগ্রহ আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে একটা সময় তামিম ইকবালের জবাব আসতো একদম সোজাসুজি। নিজের মত করে উত্তর দিতেন। ২০২০ সালে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তামিম সরাসরি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে আমার এক ফোঁটা ইচ্ছাও নেই৷ আমি মনে করি দ্যাট ইজ নট মাই কাপ অফ টি।

ততোদিনে তার জাতীয় দলের সতীর্থ মাশরাফি বিন মুর্তজা নির্বাচিত সাংসদ। এখন মাশরাফির পর আরেক সতীর্থ সাকিব আল হাসানও জাতীয় নির্বাচনে জয় লাভ করে সাংসদ নির্বাচিত হয়েছেন। ক্রিকেটাঙ্গন থেকে পাঁচ বছরের ব্যবধানে দুজন সাংসদ নির্বাচিত হওয়া বিরাট কিছু। খেলার মাঠের জনপ্রিয়তা কাজে লাগিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। পেয়েছেন গণমানুষের সমর্থন। এবার মাশরাফি ও সাকিবের মতো রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা তামিম একেবারেই উড়িয়ে দিলেন না।

খুব আগ্রহ না থাকলেও তামিম জানালেন, ভবিষ্যত নিয়ে এখনই তিনি অনুমান করে কিছু বলতে রাজি নন। বিপিএল মাঠে গড়ানোর আগে গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন দেশসেরা ওপেনার। সেখানে রাজনীতির প্রসঙ্গও উঠে যায়। উত্তরে তামিম বলেছেন, ‘এটা খুব রিস্কি একটা কথা (রাজনীতিতে আসা প্রসঙ্গে)। আমি এখন না বললাম, পরবর্তীতে দশ বছর পর হয়ে গেল। তখন এটা ধরে দেখায় দেবেন, আমি তো প্রথমে না বলেছিলাম। আপনি আগে ভাগে কিছু অনুমান করতে পারবেন না। কিন্তু এখন পর্যন্ত আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই।

সাকিবেরও অবস্থা ছিল প্রায় একই রকম। ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর দেওয়া ফেসবুক পোস্টে সাকিব লিখেছিলেন, ‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।’ দশ বছরের ব্যবধানে সেই সাকিবই এখন মাগুরার সাংসদ। পরিস্থিতি তার ভাবনা পরিবর্তন করেছে। আগ্রহ না থাকলেও রাজনীতিতে এসেছেন। সবকিছু দারুণভাবে পর্যবেক্ষণ করা তামিম তাই এখন বাড়তি সতর্ক।

ভবিষ্যতে বোর্ড সভাপতি হবেন কিনা তা নিয়েও আগাম মন্তব্য করতে রাজি নন এই ক্রিকেটার, ‘আমার এসবে কোনো আগ্রহ নেই। ভবিষ্যতে আপনাকে কে কোথায় নিয়ে যায় আপনি আগে বলতে পারবেন না। যদি আল্লাহ আমার কপালে ওরকম কিছু লিখে থাকে এটা অটোম্যাটিক্যালি হবে। আমি জোর করে চেয়ে তো নিতে পারবো না।

মাশরাফি ও সাকিব সাংসদ নির্বাচিত হওয়ার পর তাদের সঙ্গে এখনো দেখা হয়নি তামিমের।  দেখা হলে অভিনন্দন জানাবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তামিম বলেছেন, ‘আমার সাথে এখনো দুজনের কারো সঙ্গে দেখা হয়নি। যদি দেখা হয়, অবশ্যই কথা তো হবেই। তখন দেখা যাবে কি হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102