

অত্যাসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) বছরের প্রথম ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্প্রতি রায় সম্পর্কে আপনি কি আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন? বাংলাদেশের আইনের শাসন ও বিচারবিভাগের স্বাধীনতার চ্যালেঞ্জ, বিশেষ করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ড এবং একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া অসংখ্য বিরোধী দলীয় নেতা-কর্মী, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদের দুর্দশার প্রেক্ষাপট স্টেট ডিপার্টমেন্ট কীভাবে দেখছে? এমনকি যেখানে কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শান্তিতে নোবেল পুরস্কারসহ মর্যাদাপূর্ণ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার বিরুদ্ধে যে মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে সে মামলাটি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
তিনি আরও বলেন, এই মামলার রায় নিয়ে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছে, স্পষ্টতই সেটি আমাদের নজরে এসেছে। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানাই— তারা যেন সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করে। এর বাইরে যা কিছুই ঘটবে তাতে কড়া দৃষ্টি থাকবে আমাদের।ব।
সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহান্তে। আসন্ন নির্বাচনে ভুয়া প্রার্থী ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জননির্দেশনা এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক পরামর্শ উপেক্ষা করার প্রেক্ষাপটে মার্কিন সরকার কি এ ধরনের ডামি নির্বাচনকে বৈধতা দেবে? যদি তা না হয়, তাহলে প্রস্তাবিত শাসনব্যবস্থার বিরুদ্ধে বাইডেন প্রশাসন কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে?
সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচন এক নারীর শোতে পরিণত হয়েছে।
জবাবে মিলার বলেন, আমার মনে হচ্ছে, আমি এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি। তবে এটি নতুন বছর তাই আমি আবার উত্তর দেবো। আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। বিষয়টি আমরা বেশ কয়েকবার স্পষ্ট করে দিয়েছি। আমরা নির্বাচনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। তবে আমি কখনই আগাম অনুমান করবো না যে, আমরা কী পদক্ষেপ নিতে পারি বা না পারি।
নিউজ /এমএসএম