বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। “প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার”এই প্রতিপাদ্য নিয়ে এবারই প্রথম জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় হাইকমিশনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইবাদ উল্লাহর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোঃ সোহেল পারভেজ। মাওলানা তাজুল ইসলাম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান, মোহাম্মদ জসিম উদ্দিন ও বার্তা বাহক আবু রায়হান।
প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন বিশিস্ট ব্যবসায়ী সিআইপি মোহাম্মদ সোহেল রানা, বাংলাদেশী চিকিৎসক সুজন চন্দ্র পাল।
বক্তাগণ তাদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার জন্য সরকারকে সাধুবাদ জানান। তারা মিশন হতে জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য দাবী জানান। এছাড়াও আলোচনায় প্রবাসীদের স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়। সাম্প্রতিক ফাইলেরিয়া রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং দেশের জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের। তিনি উল্লেখ করেন প্রবাসীরা আমাদের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেছেন প্রবাসীরা আমাদের অনেক দিয়েছেন এখন প্রবাসীদের আমাদের দেয়ার পালা। আজকের প্রবাসী দিবস তার উদাহরন। তিনি সকলকে সরকারের প্রদত্ত সুবিধার বিষয়ে জানা ও সেগুলি গ্রহনের জন্য অনুরোধ জানান এবং সকলকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য আহ্বান জানান। সবশেষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনের জন্য সবাইকে যার যার অবস্থান হতে কাজ করার জন্য তিনি অনুরোধ জানান।
পরবর্তীতে দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে একটি কেক কাটেন। মালদ্বীপের রাজধানী মালে ও আশপাশের এলাকায় বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রবাসী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ পালন করে হাইকমিশন।নিউজ /এমএসএম