

শ্রীমঙ্গলের অ্যাম্বুলেন্স সার্ভিসের চালক আব্দুল খালেক(২৩) বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল থেকে লাশ নিয়ে ফেনী যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় ভয়াবহ দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের চাপায় চালক আব্দুল খালেক নিহত ও হেল্পার আহত হয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে। সে স্বেচ্ছায় রক্তদান সংগঠন শ্রীমঙ্গল ব্ল্যাডম্যান কর্তৃক পরিচালিত এম্বুলেন্স সার্ভিসের চালক।
এ ঘটনায় খাতিহাতা হাইওয়ে থানা ট্রাকটিকে আটক করলেও ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন। নিহতের লাশ ময়না তদন্ত শেষে আজ বিকেলেই শ্রীমঙ্গলে এসে পৌঁছেছে।
এ দিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় নিহতের পরিবারসহ শ্রীমঙ্গল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্লাডম্যান শ্রীমঙ্গলের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন বাচ্চু বলেন, নিহতের পরিবারের পাশে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে ব্লাডম্যান শ্রীমঙ্গল।