শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশের অগ্রগতি নিয়ে মার্কিন সিনেটরদের সাথে বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান  ওয়াশিংটন ডিসিতে দুই ইউএস সিনেটরের সাথে সাক্ষাত করে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতি তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দূতাবাসের আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে রাষ্ট্রদূত তাদের সাথে এ বৈঠক করেন।

রাষ্ট্রদূত ইমরান সিনেটর জেফ মার্কলি ও সিনেটর বিল হাগেরটি এর সাথে ওয়াশিংটন ডিসিতে তাদের নিজ নিজ কার্যালয়ে এই সাক্ষাত করেন। জেফ মার্কলি ও সিনেটর বিল হাগেরটি উভয়ই বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত মর্কিন সিনেট কমিটির সদস্য।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের অর্জিত ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে এই দুই মার্কিন সিনেটরকে অবহিত করেন। তিনি এই সময়ের মধ্যে মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতাসহ সকল সামাজিক সূচকে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কেও তাদের অবহিত করেন। দুই ইউএস সিনেটর বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং তাদের জন্য অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ইমরান রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

সিনেটর মার্কলি ওরেগন ন্যাশনাল গার্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে স্টেট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের সাথে তার অঙ্গরাজ্যের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যত সহযোগিতার মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুসংহত হবে।

বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠককালে জাপানে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত বিল হাগেরটি বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতার প্রতি আগ্রহ প্রকাশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102