

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোনো ধরণের পিকেটিং লক্ষ্য করা যায়নি। অন্যান্যদিনের মতো শহরের যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকে উপজেলার বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান ছিল লক্ষনীয়। অপরদিকে দিনভর নবীগঞ্জ শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলাদা আলাদা ভাবে শান্তি সমাবেশ ও মিছিল করেছে।
জানা যায়- বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও জামায়াতের সমাবেশে বাঁধা এবং নেতাকর্মীদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গ্রেফতারের প্রতিবাদে তিনদিনের অবরোধের ডাক দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। অপরদিকে সারাদেশ শান্তি-সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অবরোধের ডাক দিলেও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোথাও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পিকেটিং কিংবা কোন মিছিল-মিটিং করতে দেখা যায়নি।
অপরদিকে রবিবার সকাল থেকে বিভিন্ন সময়ে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে নেতৃবৃন্দরা পৃথক পৃথকভাবে শান্তি সমাবেশ ও মিছিল করেছে। অনুষ্ঠিত পৃথক পৃথক শান্তি সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলীসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বলেন- পুলিশ নবীগঞ্জ শহরসহ বিভিন্নস্থানে সতর্ক অবস্থানে থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ও সংঘর্ষের ঘটনা ঘটেনি। অন্যান্য দিনের মতো শহরের সার্বিক অবস্থা ছিল স্বাভাবিক ।