মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে আগ্রহী

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির মধ্যে এক বৈঠকে তারা এ বিষয়ে একমত পোষণ করেন।

দুই দূত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)-সহ দ্বিপাক্ষিকভাবে এবং বৈশ্বিক জলবায়ু প্ল্যাটফর্মে বৃহত্তর সহযোগিতা তৈরির লক্ষ্যে প্রশমন, অভিযোজন তহবিল, প্রযুক্তি স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের বিশেষ দূত সাবের চৌধুরী জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নেতৃত্ব পুনর্ব্যক্ত করে বলেন যে বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নে ঘাটতি পূরণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং স্বল্পোন্নত দেশগুলির পক্ষে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’-সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জলবায়ু বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কেরিকে অবহিত করেন।

বিশেষ দূত জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ হ্রাসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে।

বাংলাদেশের নবায়নযোগ্য খাতে বিনিয়োগের বিষয়ে কেরি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার বিষয়ে অংশীদার হতে ইচ্ছুক।

সাবের হোসেন চৌধুরী এবং জন কেরি উভয়ই আসন্ন জলবায়ু বিষয়ক সম্মেলন (COP28) সফল করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদারের মাধ্যমে ঐকমত্য গড়ে তোলা এবং বৈশ্বিক সংহতির গুরুত্ব ও প্রয়োজনীতার উপর জোর দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে সাবের হোসেন চৌধুরী ওয়াশিংটন, ডিসি’র সিনেট হার্ট বিল্ডিং এ জীবাশ্ম জ্বালানির ক্রম হ্রাসকরণে অর্থায়ন এবং অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত এ সংক্রান্ত কমিটি সভায় সভাপতিত্ব করেন। মার্কিন সিনেটর এড মার্কি ও কানাডিয়ান সিনেটর মিজ রোজা গালভেজসহ উরুগুয়ে, বলিভিয়া, কলম্বিয়া, জাম্বিয়া এবং উগান্ডার নেতৃস্থানীয় সংসদ সদস্যবৃন্দ উক্ত সভায় অংশ নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102