

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রবিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের মুক্তিসহ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।
আমীর খসরু বলেন, ‘সরকারের লোকেরা বলে, একবার আইনমন্ত্রীর কাছে দরখাস্ত দেন। আবার বলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেন। দেশনেত্রীর চিকিৎসা এখন ভিক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি কখনও আপস করেননি। এবারও করবেন না। আপনাদের (সরকার) দায়িত্ব চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার।’
তিনি আরও বলেন, ‘আপনাদেরকে দায়িত্ব নিয়ে, তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেশের বাইরে চিকিৎসা করাতে হবে। আর যদি ব্যর্থ হন বাংলাদেশের মানুষের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদের শুধু বিচার হবে না, দেশের মানুষের সম্মুখীন হতে হবে। সময় থাকতে, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সংবিধানে সবার চিকিৎসার ব্যবস্থার নিশ্চয়তা দেওয়া হয়েছে। খালেদা জিয়া এ দেশের নাগরিক। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তার জীবন নিয়ে খেলা করতে গেলে আপনাদের চিন্তা করতে হবে।’
ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।
নিউজ /এমএসএম