

চোটের সঙ্গে লড়াইয়ে পেরে উঠছেন না জাতীয় দলের পেসার ইবাদত হোসেন। আরও দীর্ঘায়িত হলো তার মাঠে ফেরার অপেক্ষা। হাঁটুর চোটে এশিয়া কাপের বাংলাদেশ দল থেকে ইতিমধ্যে ছিটকে গেছেন ২৯ বছর বয়সী এ পেসার। আজ চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন তিনি। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন ইবাদত।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানান, ইতোমধ্যে লন্ডনে একজন ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া হয়েছে। সার্বিক বিষয় দেখাশোনার জন্য এবাদতের সঙ্গে একজন ফিজিও যাচ্ছেন।
চোটমুক্ত না হওয়ায় এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে ছিটকে যান ইবাদত। তার পরিবর্তে দলে অন্তর্ভূক্ত হয়েছেন পেসার তানজীম হাসান সাকিব।
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় আম্পায়ারের সঙ্গে কনুইয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে বাজেভাবে পড়ে যান ইবাদত। ওই চোটে ম্যাচ থেকে তো বটেই, সিরিজ থেকেও ছিটকে যান ২৯ বছর বয়সী পেসার।
এরপর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে থাকতে পারেননি ইবাদত। তবে দ্রুত সুস্থতার আশায় তাকে এশিয়া কাপের স্কোয়াডে নেন নির্বাচকরা। দলের সঙ্গে অনুশীলনও করছিলেন তিনি। কিন্তু আশানুরূপ উন্নতি হয়নি তার চোটের।
কয়েক দফা স্ক্যান রিপোর্টের পর তাকে এশিয়া কাপ থেকে বাইরে রাখার পরামর্শ দেয় বিসিবির চিকিৎসা বিভাগ।
২৯ বছর বয়সী এই পেসার স্বল্প সুযোগেই উইকেট শিকারি বোলার হিসেবে নিজেকে মেলে ধরেছেন। ১২ ওয়ানডে খেলে তার উইকেট ২২টি। গত আগস্টে এই সংস্করণে তার অভিষেক। এরপর থেকে এই সময়টায় ওয়ানডেতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের আর কেউ।
নিউজ /এমএসএম