

মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান শেষে বাড়িটি থেকে ১৩ জনকে আটক করেছে সিটিটিসি।
অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। তিনি জানান, আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে।

এই সাড়ে ৪ ঘণ্টা অপারেশনটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। অভিযানে ৩ কেজি বিস্ফোরক, হাই এক্সক্লোসিভ ৫০টি ডেটোনেটর, নগর ৩ লাখ ৬১ হাজার টাকা ও জঙ্গি প্রশিক্ষণ সামগ্রিক ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলেও জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক নারী-পুরুষরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামক জঙ্গি সংগঠনের সদস্য। বাংলাদেশে সংগঠনটি নতুন কার্যক্রম শুরু করেছে।

কুলাউড়া থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা কিনে আস্তানা বানিয়েছে জঙ্গিরা। মাস খানিক আগে ওই টিলায় ১২ জন বহিরাগত লোক এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করে। তারা ওই এলাকায় অপরিচিত।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সীমান্তবর্তী পূর্ব টাট্টিউলি গ্রামের ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সিটিটিসি ও সোয়াট টিমের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।
নিউজ /এমএসএম