

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৫৯ জন। এ নিয়ে চলতি বছর সারা দেশে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬৪-এ। এর মধ্যে আগস্টের প্রথম ১০ দিনে ১০৩ জনের প্রাণহানি হলো।
বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৯৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯৭ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৮৬২ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শেষ ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালে আর পাঁচজনের ঢাকার বাইরে। এ প্রতিবেদনে ঢাকা ও সাভারের চারটি হাসপাতালের প্রতিবেদন যুক্ত করা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর সারা দেশে ৭৮ হাজার ২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯১১ জন ও ঢাকার বাইরে ৩৮ হাজার ১১৭ জন।
প্রসঙ্গত, দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল গত বছর। চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।
নিউজ /এমএসএম