

সম্প্রতি ব্যক্তিগত জীবনের একাধিক ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ।
হলিউডে কানাঘুষা, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেম করছেন তিনি। একাধিকবার তার সঙ্গে দেখা গেছে জিজিকে। যদিও প্রেমের কথা কখনো স্বীকার করেননি জিজি বা লিও।
এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল জিজির। তাদের আড়াই বছর বয়সি এক সন্তানও রয়েছে।
এবারে বেড়াতে গিয়ে নতুন বিপদে পড়লেন এ মডেল। ১০ জুলাই ফ্রান্স থেকে ফেরার সময় ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে তার কাছে গাঁজা পাওয়া যায়।
এসময় তার সঙ্গে ছিলেন খুব কাছের বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি। এ মাসের প্রথম দিকে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে ফ্রান্সে যান জিজি। ফ্রান্সের কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েন তিনি।
জিজি ও তার বন্ধু লিয়াকে আটক করা হয়। গ্রেপ্তারের দুই দিন পর ১২ জুলাই কেইম্যান আদালতে দোষ স্বীকার করেছেন তারা। তাদের এক হাজার ডলার জরিমানা করা হয়েছে, তবে দোষী সাব্যস্ত করা হয়নি। সেদিনই তাদের মুক্তি দেয়া হয়েছে।
অবৈধভাবে নয়, চিকিৎসার জন্য মেডিকেল লাইসেন্স দেখিয়ে বৈধভাবে জিজি হাদিদ গাঁজা সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন জিজি হাদিদের প্রতিনিধি রন্ডে কোলাটা। আইনি ঝামেলা পেরিয়ে ছুটির আমেজে দিন কাটছে ২৮ বছর বয়সি মডেল হাদিদের।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শেষ ভালো যার, সব ভালো তার।’
এর আগে ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’র এক অনুষ্ঠানে কোকেন সেবনের অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সুপার মডেল।
নিউজ /এমএসএম