

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রোপ্তারকৃত দুই চিকিৎসকের মুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন করেছে ওজিএসবি (অবস্ট্রাকটিভ অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ)।
রবিবার (১৬ জুলাই) সব মেডিকেল কলেজ, জেলা, উপজেলা ও প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ও মঙ্গলবার এই দুই দিন ‘প্রাইভেট প্র্যাক্টিস’ ও প্রাইভেট অপারেশন বন্ধ রাখবেন সংগঠনের সদস্যরা।
ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান এবং মহাসচিব অধ্যাপক ডা. সালমা রউফ স্বাক্ষরিত গত শনিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি উল্লেখ করে জানানো হয়, শনিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে সোসাইটির নেতারা সভা করে তাদের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৮ জুলাই আবারো বিএমএর সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবেন ওজিএসবির নেতারা।
এদিকে, রবিবার মুগদা মেডিকেল কলেজে বিএমএ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএমএ মহাসচিব ডা. ইতহেশামুল হক চৌধুরী বলেন, এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বিভিন্ন সংগঠন বিএমএ কার্যালয়ে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই পারেন। এটি মতবিনিময়। একে উল্লেখ করে ওজিএসবির নেতৃবৃন্দ প্রকারান্তরে এই কর্মসূচিতে আমাদের নাম জড়িয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এসব কর্মসূচি বিএমএর কর্মসূচি নয়। কিছু নিয়ম মেনে বিএমএকে কর্মসূচি নিতে হয়। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করে সর্বসম্মতিক্রমে আমাদের কর্মসূচি দিতে হয়। আমি আবারও পরিস্কার করে বলতে চাই, কোন হঠকারি সিদ্ধান্ত বিএমএ নেয় না। ভবিষ্যতেও নিবে না।
নিউজ /এমএসএম